কুড়িগ্রামে শোকের ছায়া
সৈয়দ শামসুল হকের মৃত্যুতে তাঁর জন্মস্থান কুড়িগ্রামে নেমে এসেছে শোকের ছায়া। শেষবারের জন্য কুড়িগ্রামের বাদশাহকে (সৈয়দ শামসুল হক) একনজর দেখতে অধীর অপেক্ষায় আছেন সবাই।
লেখকের শেষ ইচ্ছানুসারে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের পাশেই তাঁকে দাফনের প্রস্তুতি চলছে। তবে যে জায়গায় চিরনিদ্রায় শায়িত হবেন এই সব্যসাচী লেখক, তা নিচু ধানখেত। এ কারণে পৌরসভার উদ্যোগে সেখানে বালু ফেলে উঁচু করার কাজ শুরু হয়েছে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন গতকাল মঙ্গলবার রাতে বলেন, সন্ধ্যার পর পৌর মেয়র আবদুল জলিলকে মাটি ফেলে তিন শতক পরিমাণ ধানখেত ভরাট করতে বলা হয়েছে। এরপর সেখানে কবর খুঁড়ে প্রস্তুত রাখা হবে। এ ছাড়া অন্যান্য প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, সন্ধ্যা সাতটার দিকে কালেক্টরেট সম্মেলনকক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুনসহ অন্যদের নিয়ে জরুরি বৈঠক হয়েছে। এতে বরেণ্য এই লেখকের শেষবিদায়ের কর্মপরিকল্পনা ঠিক করা হয়।
সৈয়দ শামসুল হকের জন্ম কুড়িগ্রাম শহরের থানাপাড়ায়। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত রিভারভিউ উচ্চবিদ্যালয়ে পড়ালেখা করার পর ঢাকায় চলে যান। তাঁর ছোট ভাই আইনজীবী আজিজুল হক পরিবার নিয়ে কুড়িগ্রামেই বসবাস করেন। ওই বাড়িতে এখন মানুষের ঢল।
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী বলেন, সৈয়দ শামসুল হক এ বছর আবার কুড়িগ্রাম সরকারি কলেজের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় বলেন, মৃত্যুর পর তাঁকে যেন কুড়িগ্রামের মাটিতেই দাফন করা হয়। সেই সঙ্গে কলেজের মাঠসংলগ্ন ধানখেত তাঁর পছন্দ বলেও জানান তিনি।