কুড়িগ্রামে সংঘর্ষে বিডিআরের সদস্যসহ আহত ২০
কুড়িগ্রাম সদর উপজেলার রসূলপুর চরে ঘোড়া খেলার মেলায় গত শুক্রবার বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সঙ্গে জনতার সংঘর্ষে বিডিআরের পাঁচ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় বিডিআর কয়েকটি গুলি ছোড়ে। গুরুতর আহত হাবিলদার জিল্লুর রহমানকে যাত্রাপুর বিডিআর কোম্পানি সদর দপ্তরে চিকিৎসা দেওয়া হয়।বিডিআর ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রসূলপুরের একটি দোকানে গাঁজা আছে এমন সংবাদের ভিত্তিতে বিডিআরের ওই পাঁচ সদস্য দোকানে অনুসন্ধান চালান। এ সময় তাঁরা দোকানদারকে মারধর করেন। এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বিডিআরকে ধাওয়া করে। এরপর বিডিআর রসূলপুর মসজিদে আশ্রয় নেয়। জনতা তখন মসজিদ এলাকা ঘিরে ফেলে। খবর পেয়ে যাত্রাপুর ফাঁড়ির ২৫-৩০ জন বিডিআর সদস্য তাদের উদ্ধার করে।এলাকাবাসীর অভিযোগ, বিডিআর মেলায় আসা লোকজনকে অন্যায়ভাবে মারধোর করেছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি দোকান ও ১৫টি সাইকেল। এখন লোকজন ভয়ে বাড়ির বাইরে যেতে পারছে না। বিডিআরের সুবেদার খলিলুর রহমান বলেন, বিডিআর আত্মরক্ষার্থে চার রাউন্ড গুলি করেছে। কুড়িগ্রাম ২৭ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হাসান বলেন, বিডিআর সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিল। কিছু মানুষ তাদের লাঞ্ছিত করেছে। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক আসাদুজ্জামান গতকাল বলেন, তিনি ঘটনাস্থলে মানুষের সঙ্গে কথা বলেছেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহারুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ বিষয়ে একটি জিডি করা হয়েছে।’