কুড়িগ্রামে সাত সহস্রাধিক বস্তা ইউরিয়া নষ্ট হয়ে যাচ্ছে
কুড়িগ্রামের বাফার গুদামে মজুদ করা ইউরিয়ার মধ্যে সাত সহস্রাধিক বস্তা সার জমাট বেঁধে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব সারের বস্তা ছেঁড়া-ফাটা এবং ওজনে কম। জমাট বাঁধা সার পিটিয়ে নরম করলে পাউডারের মতো গুঁড়া হয়ে যায়। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) কুড়িগ্রাম বাফার গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান জানান, এই গুদামে প্রায় ৭৭৪ মেট্রিক টন ইউরিয়া মজুদ রয়েছে। এর মধ্যে গুদামের ভেতরে ও বাইরে ৩৫৮ মেট্রিক টন (সাত হাজার ১৬০ বস্তা) সার জমাট বাঁধা। এই সারের বস্তাগুলোও ছেঁড়া-ফাটা। ডিলাররা এই সার উত্তোলনে অনীহা প্রকাশ করছেন। এ কারণে সার সরবরাহকারী প্রতিষ্ঠান পোটন ট্রেডার্স, বাল্ক ট্রেডার্স, গ্রাম সিকো লি. ও নবাব অ্যান্ড কোম্পানিকে এসব খারাপ সার প্রত্যাহার করে নিয়ে ভালো সার সরবরাহের জন্য অনুরোধ জানানো হয়েছে। চলতি মাসে ৭৭ জন ডিলারকে এই বাফার গুদাম থেকে সাত হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া উত্তোলনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ডিলাররা এই বরাদ্দের মধ্যে মাত্র তিন হাজার ৬৯৩ মেট্রিক টন উত্তোলন করেছেন। এর আগে জানুয়ারি মাসে জেলার সাতটি উপজেলায় সারের চাহিদা ছিল ছয় হাজার ৮৩০ মেট্রিক টন। এর মধ্যে ডিলাররা উত্তোলন করেছেন চার হাজার ৪৮৯ মেট্রিক টন। ফেরুয়ারি মাসের চাহিদা ছিল ১১ হাজার মেট্রিক টন এবং এর বিপরীতে উত্তোলন করা হয়েছে আট হাজার ৪৯৬ মেট্রিক টন।কুড়িগ্রাম বাফার গুদামের শ্রমিক সর্দার ইছার আলী জানান, অধিকাংশ সারের বস্তা ওজনে কম ও ছেঁড়া-ফাটা হওয়ায় শ্রমিকদের কষ্ট বেড়েছে। কারণ ডিলাররা খারাপ বস্তা নিতে চান না। ফলে একটা ট্রাক লোড দিতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা।জেলা সার ডিলার সমিতির সভাপতি শামসুল ইসলাম মণ্ডল বলেন, জমাট বাঁধা সার নিয়ে ডিলাররা বিপাকে পড়েছেন। তাঁরা জমাট বাঁধা সার উত্তোলন করতে চাচ্ছেন না। এ কারণে উত্তোলন কমে গেছে। এ ছাড়া জমাট বাঁধা ও নিম্নমানের হওয়ায় কৃষকের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে সার বিক্রি করতে হচ্ছে। জেলা কৃষি সমপ্রসারণ দপ্তরের উপপরিচালক প্রতীপ কুমার মণ্ডল বলেন, ‘ডিলারদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বাফার গুদাম পরিদর্শন করেছি। সেখানে মজুদের অর্ধেকের মতো জমাট বাঁধা সার থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে।’ জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় দ্রুত সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।