কুড়িগ্রামে সীমান্ত হাট উদ্বোধন ২৭ জুন
আগামী ২৭ জুন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী সীমান্ত হাট উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। হাটটি চালু হবে ২৯ জুন। ওই দিন থেকে প্রতি বুধবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত হাট বসবে।গতকাল বৃহস্পতিবার বালিয়ামারী সোনাভরী নদীর তীরে বাংলাদেশ ও ভারতের জেলা পর্যায়ের প্রতিনিধিদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাদের বলেন, সীমান্ত হাটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী পি এ সাংমা এবং বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের কেউ উপস্থিত থাকতে পারেন।ইউএনও কাদের বলেন, সীমান্ত হাটে ভারতীয়রা আটটি হাটছাউনি ও দুটি শৌচাগার তৈরি করেছে। প্রতিটি ছাউনিতে ৫০ জন ব্যবসায়ী বেচাকেনা করবেন। এর মধ্যে বাংলাদেশের ২৫ জন এবং ভারতের ২৫ জন ব্যবসায়ী থাকবেন। হাটে উভয় দেশের কৃষিজাত পণ্য, প্রসাধনী, আসবাব, মসলাজাতীয় দ্রব্য, ফলমূল ইত্যাদি বিক্রি হবে।কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মানজারুল মান্নানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোবাদ হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বালিয়ামারী কোম্পানি কমান্ডার সুবেদার ইউসুফ নবীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ভারতের প্রতিনিধিদলের মধ্যে মেঘালয়ের তুরা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক ভাগতিয়াসহ পাঁচজন উপস্থিত ছিলেন। বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গত বছরের ২৩ অক্টোবর সীমান্ত হাট স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।