কুড়িগ্রামে সীমান্ত হাটের স্থান পরিদর্শন
কুড়িগ্রামের রাজীবপুরে সীমান্ত হাটের স্থান পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জসিম উদ্দিন। গতকাল শনিবার দুপুর একটার দিকে উপজেলার বালিয়ামারী ব্যাপারিপাড়া সীমান্ত হাট এলাকা পরিদর্শন করেন তিনি।এ সময় স্থানীয় সাংসদ মো. জাকির হোসেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান, জামালপুর-৬ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর নাহিদউজ্জামান, রংপুর বিভাগীয় কর কর্মকর্তা ওয়াজেদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন এবং রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদের উপস্থিত ছিলেন।রংপুর বিভাগীয় কমিশনার মো. জসিম উদ্দিন জানান, সীমান্তের ১৫০ গজের মধ্যে চার বিঘা জমির ওপর হাট বসবে। হাট পরিচালনার জন্য বাংলাদেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ভারতের মহুকুমা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে কমিটি থাকবে। তারাই হাটের বিক্রেতা ঠিক করে দেবে। হাটে বিক্রেতা ও ক্রেতাদের পাসপোর্ট লাগবে না, জাতীয় পরিচয়পত্রই যথেষ্ট। পণ্যগুলো থাকবে শুল্কমুক্ত। হাটের কোনো অবকাঠামো থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গেজেট প্রকাশের পর বোঝা যাবে, কী রকম অবকাঠামো হবে। তবে হাটের সড়কের সংস্কার এবং স্থানটি মাটি কেটে উঁচু করবে স্থানীয় প্রশাসন। সীমান্ত হাট পরিদর্শনের সংবাদ ছড়িয়ে পড়লে উভয় সীমান্তে কয়েক হাজার কৌতূহলী নারী-পুরুষের সমাবেশ ঘটে। সকাল থেকে বিকেল পর্যন্ত তারা সীমান্তঘেঁষা জিঞ্জিরাম নদীর তীরে অপেক্ষা করে।