কুড়িগ্রামে সৈয়দ শামসুল হক নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে আট দিনব্যাপী সৈয়দ শামসুল হক নাট্যোৎসব। গতকাল সন্ধ্যায় নাট্যোৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। উৎসবে অংশ নিচ্ছে ভারত ও বাংলাদেশের আটটি নাট্যদল।

নাট্যোৎসবের উদ্বোধন উপলক্ষে প্রচ্ছদ কুড়িগ্রাম নামের সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে গতকাল বেলা ১১টায় পৌরসভা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ শামসুল হকের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর মিলনায়তনে নাট্যোৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

উৎসবের প্রথম দিনে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের রচনায় ও আহমেদুল কবিরের নির্দেশনায় বহ্নি বিসর্জন ব-দ্বীপ নাটকটি পরিবেশন করবে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় দিনে সৈয়দ শামসুল হকের রচনায় ও কিশোর সেনগুপ্তের নির্দেশনায় নূরলদীনের সারাজীবন পরিবেশন করবে ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র, নদীয়া। এ ছাড়া অনন্ত হিরার রচনায় ও আউয়াল রেজার নির্দেশনায় কনডেমড সেল পরিবেশন করবে ঢাকা প্রাঙ্গণেমোর, সমীর দাস গুপ্তের রচনা ও অনন্ত হিরার নির্দেশনায় তৃতীয় একজন পরিবেশন করবে শব্দ নাট্যচর্চা কেন্দ্র, ঢাকা; হাসান শাহরিয়ারের রচনায় এবং দোলন আজিজ ও মুস্তাফিজ রাসেলের নির্দেশনায় শাইলোক অ্যান্ড সিকোফ্যান্টস পরিবেশন করবে পাবনা ড্রামা সার্কেল; শাহমানমৈশানের রচনা ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় নারী নসিমন পরিবেশন করবে সিরাজগঞ্জ নাট্যলোক, আনন জামানের রচনা ও আর্য শশাংকের নির্দেশনায় শিখণ্ডী কথা পরিবেশন করবে রংপুর নাট্যকেন্দ্র এবং গোলাম সরোয়ারের রচনা ও নির্দেশনায় ঘরজামাই পরিবেশন করবে প্রচ্ছদ, কুড়িগ্রাম।

নাট্যোৎসবে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রসহ মোট আটটি নাট্যদল অংশ নিচ্ছে। দেশে মঞ্চনাটক বাঁচিয়ে রাখতে প্রতিবছরের মতো এই নাট্যোৎসব, ২০১৭ আয়োজন করে প্রচ্ছদ, কুড়িগ্রাম।