কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মদিনে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। ছবি: প্রথম আলো
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মদিনে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। ছবি: প্রথম আলো

কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল থেকে কুড়িগ্রামের সর্বস্তরের মানুষ প্রিয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধায় জানায়।
কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে চিরনিদ্রায় শায়িত কবি। সেখানে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, কুড়িগ্রাম প্রেসক্লাব, সরকারি কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় লেখকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পরে কুড়িগ্রাম সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন। এ সময় কবির জীবনী নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।
এ ছাড়া বেলা ১১টায় প্রথম আলো বন্ধুসভার কলেজ রোড কার্যালয়ে আলোচনা ও তাঁর লেখা কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। আলোচনা করেন বন্ধুসভার সদস্য আরিফ, জুয়েল ও সাংবাদিক সফি খান। কবিতা আবৃত্তি করেন মামুন, মৌরী ও শিল্পী।