কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের স্মরণসভা
লেখক ও কবি সৈয়দ শামসুল হকের স্মরণে কুড়িগ্রামে প্রেসক্লাব চত্বরে গতকাল শনিবার সন্ধ্যায় নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দ শামসুল হক স্মরণসভা আয়োজক পরিষদের এ আয়োজনে উপস্থিত ছিলেন কবিপত্নী সৈয়দ আনোয়ারা হক, কবির ছেলে দ্বিতীয় সৈয়দ হক, চিত্রশিল্পী ওয়াদুদ কাফিল, ভাস্কর জাহানারা পারভিন, জিনা আরিফিন খানসহ কবির পরিবারের সদস্যরা, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক (সচিব পদমর্যাদা) মাকদুমা নার্গিস প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, কুড়িগ্রামের প্রতি সৈয়দ শামসুল হকের অগাধ ভালোবাসা তাঁর প্রতিটি কবিতা, গল্প, নাটক, উপন্যাসে ফুটে উঠেছে।
কুড়িগ্রামের প্রবীণ আইনজীবী কে এস আলী আহমেদের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সিভিল সার্জন আমিনুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন প্রমুখ।