কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে আলোচনা সভা
সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে স্থানীয় সরকারের সাসটেইনেবল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (স্রিপ) ঢাকা, এলজিইডি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কুড়িগ্রামের নাগেশ্বরী শাখা।
সকালে নাগেশ্বরী স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এলজিইডি রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার, পৌর মেয়র আবদুর রহমান মিয়া, এলজিইডির কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী প্রমুখ।
পরে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ পৌর হলরুমে অনুষ্ঠিত হয়। এ সময় তিন শতাধিক চালক প্রশিক্ষণে অংশ নেন।