কুড়িগ্রামে ১৫টি কচ্ছপ উদ্ধার একজন আটক
কুড়িগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ১৫টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নারায়ণগঞ্জের অধিবাসী রাজু চৌধুরী নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। গত বুধবার রাত ১১টার দিকে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়ায় কর্ণফুলী পরিবহনে করে খাঁচাভর্তি কচ্ছপগুলো ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ কচ্ছপগুলো আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত ব্যবসায়ী জানান, কচ্ছপগুলো কুড়িগ্রামের পুরাতন রেলস্টেশনসংলগ্ন কচ্ছপ ব্যবসায়ী শহীদ ও মনতাজের কাছ থেকে কিনে ঢাকা নিয়ে যাচ্ছিলেন। সেখানে শাঁখারীবাজারের ব্যবসায়ী পলাশের আড়তে এগুলো পৌঁছে দেওয়ার কথা।ওই দিন রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রাণিসম্পদ আইনে আটককৃত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদালত পরিচালনা করেন। ইউএনও কাজী আবেদ হোসেন জানান, আটককৃত কচ্ছপগুলো গভীর রাতে সদর উপজেলা পুকুরে ছেড়ে দেওয়া হয়।