কুড়িগ্রামে ২০০ পরিবারের বসতভিটা ও জমি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন গ্রামে পাউবোর সলিড স্পার-২ বাঁধে আকস্মিক ধস দেখা দেয়। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো
লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন গ্রামে পাউবোর সলিড স্পার-২ বাঁধে আকস্মিক ধস দেখা দেয়। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে ধরলা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে দুই শতাধিক পরিবারের বসতভিটা ও ফসলি জমি। এদিকে লালমনিরহাটের আদিতমারীর মহিষখোঁচা ইউনিয়নে তিস্তা নদীর একটি বাঁধের ১৫-২০ ফুট দেবে গেছে।
গতকাল বুধবার এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহ আগে মোগলবাসা বাজার-সংলগ্ন এলাকায় ধরলা নদীতে ভাঙন শুরু হয়। এতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত তীর রক্ষাবাঁধের প্রায় ২০০ মিটার নদীতে বিলীন হয়। এতে বসতভিটা ও ফসলি জমি হারায় বাঁধে আশ্রিত ও আশপাশের দুই শতাধিক পরিবার। ভাঙনের হুমকিতে রয়েছে মোগলবাসা ইউনিয়নের সঙ্গে জেলা শহরের যোগাযোগের একমাত্র পাকা সড়কটির পাশাপাশি ঐতিহ্যবাহী মোগলবাসা হাট, ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়সহ কয়েকটি স্থাপনা।
মোগলবাসা ইউপির চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু বলেন, ‘নদীভাঙন শুরুর আগেই এলাকাবাসীসহ আমরা স্থানীয় পাউবোর কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছি। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেননি।’
কুড়িগ্রাম পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, ওই স্থানে ভাঙনরোধে অস্থায়ী ব্যবস্থা হিসেবে বাঁশের বাঁধ দেওয়ার কাজ শিগগিরই শুরু হবে। আর স্থায়ী ব্যবস্থা নিতে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে আদিতমারীর মহিষখোঁচা ইউনিয়নে তিস্তার ভাঙন থেকে রক্ষায় নির্মিত বাঁধে গত মঙ্গলবার সকালে আকস্মিক ধস দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পাউবোর কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে ক্ষতিগ্রস্ত স্থানটি মেরামত করা হয়েছে।
মহিষখোঁচা ইউপির চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী বলেন, তিনি এলাকাবাসীর সহায়তায় বাঁধের দেবে যাওয়া স্থানে দ্রুত পুরোনো সিসি ব্লক ফেলার উদ্যোগ নেন। এ কাজে তত্ত্বাবধান করেন পাউবোর লালমনিরহাট কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী বজলে করিম। মঙ্গলবার সন্ধ্যার আগেই প্রয়োজনীয় মেরামতকাজ শেষ হয়।