কুড়িগ্রামে ৪৯, রংপুরে ১১ জওয়ানের সাজা রামগড়ে সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ মামলায় কুড়িগ্রামের ২৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৪৯ জওয়ানের সাজা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়। রংপুর সেক্টর সদর দপ্তরের বিদ্রোহ মামলার রায়ে ১১ আসামির সাজা হয়েছে। গতকাল সোমবার পৃথক দুটি আদালতে এসব রায় ঘোষণা করা হয়। এ ছাড়া খাগড়াছড়ি জেলার রামগড়ে ১১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তর ও পাঁচটি বর্ডার আউট পোস্টে (বিওপি) বিদ্রোহ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।কুড়িগ্রামে ৪৯ জনের কারাদণ্ড: কুড়িগ্রামে সাজাপ্রাপ্তদের সর্বোচ্চ পাঁচ বছর ও সর্বনিম্ন চার মাসের জেলসহ ১০০ টাকা করে জরিমানা করা হয়। গতকাল সোমবার বিকেলে বিশেষ আদালত-১৩-এর সভাপতি বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বিকেল সোয়া চারটার দিকে দুটি বাসে করে সাজাপ্রাপ্তদের কুড়িগ্রাম কারাগারে আনা হয়। এ সময় আসামিদের আত্মীয়স্বজন সেখানে ভিড় করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে সুবেদার মেজর ময়সের আলীকে সর্বোচ্চ পাঁচ বছর তিন মাসের সাজা দেওয়া হয়। এ ছাড়া হাবিলদার আবেদ হোসেন, হাবিলদার মোশারফ হোসেন, সেপাই ফিরোজ মিয়া, নায়েক আবদুল হালিমকে চার বছর ছয় মাস, হাবিলদার কে এম রেজাউল ইসলাম, নায়েক জাহাঙ্গীর হোসেন, ন্যান্স নায়েক জিল্লুর রহমান, সেপাই চালক ফারুক হোসেন, হাবিলদার আসাদুল ইসলাম, ল্যান্স নায়েক আক্কাস আলীকে তিন বছরের সাজা দেওয়া হয়। অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নায়েক জাহাঙ্গীর আলমকে বেকসুর খালাস দেওয়া হয়। বিচারকাজ পরিচালনায় সহযোগিতা করেন লে. কর্নেল মাহফুজ আলম, মেজর মুহাম্মদ মাসুদ উল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি শ্রীবিশ্বজিৎ রায়। এ মামলার প্রসিকিউটর ছিলেন লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার।রংপুরে ১১ জনের সাজা: রংপুর বিডিআর সেক্টর সদর দপ্তরে বিদ্রোহ মামলায় ১১ জনের সাজা হয়েছে। আসামিদের সর্বোচ্চ সাত বছর ও নর্বনিম্ন চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতের বিচারক ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমদ এ রায় ঘোষণা করেন। এ মামলায় ১৯ জনের সাক্ষ্য শেষে নায়েক শহিদুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, নায়েক রেজাউল করিমকে ছয় বছর, সেপাই কল্যাণ এম সাংগমা এবং সেপাই ফিরোজ হোসেন খানকে পাঁচ বছর করে, হাবিলদার আতাউর রহমান প্রামাণিক ও সেপাই (গাড়ি চালক) ইউনুস আলী পেয়াদাকে চার বছর ছয় মাস করে, ল্যান্স নায়েক ময়নুল হক সরকার এবং নায়েক আবদুল ওয়ারেছ প্রধানকে চার বছর করে, সেপাই সাইফুল ইসলামকে তিন বছর, সেপাই শহিদুল ইসলামকে এক বছর ও সেপাই হারুন-অর-রশিদকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।আদালতে বিচারককে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি বিশ্বজিৎ রায়, লে. কর্নেল মাহফুজ আলম ও মেজর মুহাম্মদ মাসুদ-উল-ইসলাম। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন মেজর সৈয়দ আবদুল্লাহ আল মাহমুদ। রামগড়ে সাক্ষ্য শেষ: খাগড়াছড়ি প্রতিনিধি জানান, রামগড়ের ১১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তর ও পাঁচটি বর্ডার আউট পোস্টে (বিওপি) বিদ্রোহের বিচারের মামলায় সাক্ষীদের সাক্ষ্য প্রদান শেষ হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় বিজিবি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এ ২২ জন সাক্ষ্য প্রদান করেন। এ নিয়ে এই মামলায় মোট ৪২ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করা হলো।