কুড়িগ্রামে ৭০০ একর বোরো খেত প্লাবিত
কুড়িগ্রামে গত কয়েক দিনে হঠাৎ করে ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে গেছে। এতে রাজীবপুর, রৌমারী, উলিপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন চরে নদের তীরবর্তী ৭০০ একর জমির বোরো ফসল তলিয়ে গেছে।রাজীবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, চরগুলোতে পানি কমার পরপরই কৃষকেরা যে বোরো আবাদ করেছিলেন, হঠাৎ করে উজান থেকে পানি আসায় তা তলিয়ে গেছে। রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, নদীতীরের জমির কিছু বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ জামাল ও বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া জানান, তাঁদের ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরাঞ্চলগুলোতে কৃষকেরা যে ধান লাগিয়েছিলেন তা ক্ষতিগ্রস্ত হয়েছে।চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, তাঁর ইউনিয়নে নদের তীরের বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।চিলমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক জানান, কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে, তা জানার জন্য কৃষি বিভাগের লোকজনকে চরাঞ্চলে পাঠানো হয়েছে।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আসাফুদ্দৌলা বলেন, ভারতে বৃষ্টি হওয়ায় কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ বিভিন্ন নদ-নদীতে গত তিন দিনে পানি কিছুটা বেড়েছে। এ কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।