কুড়িগ্রামের চরে ও নৌকায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্র নদের কুড়িগ্রাম সদর উপজেলার কালির আলগা এলাকায় গত শনিবার দিবাগত রাতে একটি নৌকায় ডাকাতি হয়েছে। একই রাতে ডাকাতেরা উপজেলার একটি চর থেকে আটটি গরু ও একটি ভেড়া লুট করে নিয়ে গেছে।স্থানীয় লোকজন জানায়, উপজেলার বিভিন্ন চরের লোকজন যাত্রাপুর হাট থেকে শনিবার রাত সাড়ে নয়টার দিকে নৌকায় বাড়ি ফিরছিলেন। কালির আলগার কাছে ফাঁকা জায়গায় পৌঁছালে ডাকাতেরা ওই নৌকায় হামলা চালায়। এ সময় তারা মারধর করে নৌকার যাত্রীদের কাছ থেকে লক্ষাধিক টাকার ধান, চাল ও নগদ টাকা এবং একটি গরু নিয়ে যায়। যাওয়ার পথে তারা খাসেরচরে নৌকা থামিয়ে মীর কাশেমের পাঁচটি এবং আশপাশের তিনটি বাড়ি থেকে তিনটিসহ মোট আটটি গরু ও একটি ভেড়া নিয়ে যায়। এই সময় চরের বাসিন্দারা ধাওয়া করলে ডাকাতেরা পালিয়ে যায়।নৌকার যাত্রী আনোয়ার হোসেন বলেন, ‘বন্যায় চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গরুই একমাত্র ভরসা। এগুলো যদি ডাকাতে নিয়ে যায়, আমরা পথের ফকির হয়ে যাব।’ যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর বলেন, ‘ডাকাতি হওয়ার বিষয়টি আমি কুড়িগ্রাম সদর থানার ওসি ও যাত্রাপুর বিজিবি ক্যাম্পের সদস্যদের জানিয়েছি। সন্ধ্যা থেকে রাত দুইটা পর্যন্ত চিলমারী এলাকায় একটি দল এবং দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অন্য একটি দল সাহেবের আলগা থেকে যাত্রাপুর পর্যন্ত টহল দিলে ডাকাতি কমে আসবে।’