কুড়িগ্রামের চার উপজেলায় ডিজেলের মূল্য বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারীতে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ভাসমান তেল ডিপো ডিজেলশূন্য হয়ে পড়েছে। এই ডিপোর যমুনা অয়েল কোম্পানির দুটি বার্জ এবং মেঘনা অয়েল কোম্পানির একটি বার্জের মজুদ প্রায় তলানিতে পৌঁছায় ডিজেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এতে জেলার চরাঞ্চলসহ চার উপজেলায় ডিজেলের দাম লিটারপ্রতি তিন থেকে পাঁচ টাকা বেড়ে গেছে।জানা গেছে, যমুনা ৭ মার্চ থেকে এবং মেঘনা ২৩ মার্চ থেকে ডিজেল বিক্রি বন্ধ রেখেছে। ডিপোর এই দুই কোম্পানি থেকে ২৩ জন এজেন্ট প্রতি লিটার ৪২ টাকা ৬৬ পয়সা দরে ডিজেল উত্তোলন করতেন, আর বিক্রি করতেন ৪৪ টাকা ৪৫ পয়সা দরে। এজেন্টরা এখন বাঘাবাড়ী-পার্বতীপুরসহ বিভিন্ন এলাকা থেকে সীমিত পরিমাণে ডিজেল এনে সরবরাহ করছেন। এর ফলে উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার চরাঞ্চলসহ প্রত্যন্ত গ্রামগুলোয় ডিজেলের দাম বেড়ে ৪৮-৫০ টাকায় দাঁড়িয়েছে। ফলে ডিজেলচালিত সেচযন্ত্র ব্যবহারকারী কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।ডিপোর যমুনা অয়েল কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, চিলমারীর ব্রহ্মপুত্র নদে অবস্থিত ভাসমান তেল ডিপোর আওতায় তাঁদের প্রতিষ্ঠানের সাত লাখ ১০ হাজার লিটার ডিজেল ধারণক্ষমতাসম্পন্ন দুটি বার্জ রয়েছে। গত ২২ ফেব্রুয়ারি এই ডিপোয় চার লাখ ২০ হাজার লিটার ডিজেল নিয়ে একটি জাহাজ এসেছিল। এই তেল বিক্রি করার পর দুটি বার্জে ডিজেলের মজুদ ৭০ হাজার লিটারে নেমে এসেছে। এই ডিজেল তলানিতে থাকায় ‘ডেডস্টক’ ধরে ৭ মার্চ থেকে বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রতিদিন গড়ে ৩৫ হাজার লিটার ডিজেল বিক্রি হতো। তিনি আরও জানান, ‘এমভি তাপস’ নামের একটি জাহাজ সাড়ে চার লাখ লিটার ডিজেল নিয়ে চিলমারীর উদ্দেশে রওনা হয়েছে। পথে কোনো সমস্যা না হলে এক সপ্তাহের মধ্যে জাহাজটি এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।অপর দিকে ডিপোর মেঘনা অয়েল কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসমত আলী জানান, তাঁদের চার লাখ ২০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি বার্জের মজুদ ২৭ হাজার লিটারে নেমে আসায় ২৩ মার্চ থেকে ডিজেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রতিদিন গড়ে ৩০ হাজার লিটার ডিজেল বিক্রি হয়।এ অবস্থায় উলিপুরের বেগমগঞ্জ ও সাহেবের আলগা, চিলমারীর অষ্টমীরচর, নয়ারহাট ও রানীগঞ্জ, রৌমারী সদর এবং রাজিবপুরের মোহনগঞ্জসহ চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানেরা জানান, ডিজেলের সরবরাহ কমে গেছে। খুচরা বিক্রেতারা এখন প্রতি লিটার ডিজেল ৪৮ থেকে ৫০ টাকা দরে বিক্রি করছেন।