কুড়িগ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিফাত হোসেন, রিপন চন্দ্র রায়
রিফাত হোসেন, রিপন চন্দ্র রায়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রিফাত হোসেন ওরফে জেন্নাত (১৩) নামের এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলা সদরের চন্দ্রখানা বুদার বান্নি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও ফুলবাড়ী জছি মিঞা মডেল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

জাহাঙ্গীর আলম জানান, রিফাত গত ৩১ জুলাই বিকেলে উপজেলা সদরের একটি কোচিং সেন্টারে আসে। অনেক রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় তিনি ওই কোচিং সেন্টারে খোঁজ নিয়ে জানতে পারেন রিফাত অনেক আগেই বাড়ির উদ্দেশে বের হয়ে গেছে। পরে স্থানীয়ভাবে মাইকিং, আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। এ ব্যাপারে জেন্নাতের বাবা জাহাঙ্গীর আলম গতকাল বুধবার দুপুরে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অন্যদিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাদিয়ারটারী গ্রামের রতিকান্ত রায়ের ছেলে স্কুলছাত্র রিপন চন্দ্র রায় (১৫) এক মাস ধরে নিখোঁজ রয়েছে। সে নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। রিপনের বাবা রতিকান্ত রায় জানান, আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে রিপন মাসখানেক আগে বাড়ি থেকে বের হয়। এক মাস ধরে বিভিন্ন জায়গায় খোঁজ করে তাকে না পাওয়ায় তার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।

ফুলবাড়ী থানার এএসআই আনারুল ইসলাম জানান, নিখোঁজ স্কুলছাত্র জেন্নাতের বাবা জাহাঙ্গীর আলম থানায় একটি জিডি করেছেন।