কুড়িগ্রামের বাসিন্দাকে মানিকগঞ্জে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ইউনিয়নের যোগ্য প্রার্থী থাকার পরও নিয়ম ভেঙে মানিকগঞ্জের বাসিন্দা নন এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ চাকরির শর্তানুযায়ী শূন্যপদ পূরণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদেরই নিয়োগ করার কথা। তবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই উপজেলার পাশের ওয়ার্ড ও ইউনিয়নের যোগ্য প্রার্থীদের দিয়ে শূন্য পদ পূরণ করা যায়। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, সাটুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে এ পদে নিয়োগের জন্য অন্তত ২৫ জন আবেদন করেন। গত ১ জানুয়ারি লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন সাটুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সাটুরিয়া গ্রামের আমীর হামজার স্ত্রী নাসরিন আক্তার, একই ওয়ার্ডের উত্তর কাউন্নারা গ্রামের স্থায়ী বাসিন্দা ইফতেখার আলম ও ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের পশ্চিম নান্দেশ্বরী গ্রামের অস্থায়ী বাসিন্দা মশিউর রহমানের মেয়ে মর্জিনা আকতার। এ তিনজনের মধ্যে নাসরিন ও মর্জিনা গত ২৮ জানুয়ারি মৌখিক পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে মর্জিনা আকতারকে সাটুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। অথচ সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার গত ১৩ এপ্রিল স্বাক্ষরিত চাকরির নিয়োগপত্রে উল্লেখ করেন নির্বাচন কমিটির মাধ্যমে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের সাটুরিয়া গ্রামের মশিউর রহমানের মেয়ে মর্জিনা আকতারকে সাটুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ করা হলো। কিন্তু সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার সরকার ১৭ এপ্রিল দেওয়া এক প্রত্যয়নপত্রে উল্লেখ করেন, মর্জিনা আকতার ও তাঁর বাবা মশিউর রহমান সাটুরিয়া ইউনিয়নের স্থায়ী কিংবা অস্থায়ী বাসিন্দা নন। মর্জিনা তাঁর বাবার সঙ্গে ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের পশ্চিম নান্দেশ্বরী গ্রামে ভাড়াবাড়িতে বসবাস করেন। মর্জিনা আকতারও ২০০৭ সালের ৩ অক্টোবর মানিকগঞ্জ নোটারি পাবলিকের মাধ্যমে তাঁর বিবাহবিচ্ছেদের ঘোষণায় নিজেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের পশ্চিম নান্দেশ্বরী গ্রামের অস্থায়ী বাসিন্দা হিসেবে উল্লেখ করেন। নাসরিন আক্তার বলেন, ‘মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সব নিয়মনীতি উপেক্ষা করে মর্জিনাকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে।’ এ ব্যাপারে মর্জিনা আকতার বলেন, ‘আমি কুড়িগ্রাম জেলার স্থায়ী এবং ধামরাই উপজেলার অস্থায়ী বাসিন্দা হলেও সাটুরিয়া ইউনিয়নের বাসিন্দা হিসেবে আমার জন্মসনদ রয়েছে। সাটুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার সরকার বলেন, তথ্য সংগ্রহ করার সময় মর্জিনা ভুল তথ্য দিয়ে সাটুরিয়া ইউনিয়নের বাসিন্দা হিসেবে জন্মনিবন্ধনে তাঁর নাম অন্তর্ভুক্ত করে থাকতে পারেন। জন্মনিবন্ধন বা ভোটার হলেই তাঁকে ওই এলাকার স্থায়ী বাসিন্দা বোঝায় না। সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার বলেন, নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে। জেলা নিয়োগ কমিটির সদস্যসচিব হিসেবে আমি নিয়োগপত্রে সই করেছি মাত্র। তিনি বলেন, ‘ভুল ঠিকানা দিয়ে চাকরি পাওয়ার কারণে কেউ বঞ্চিত হলে তাঁর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার সুযোগ আছে। তদন্তে প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।’