কুড়িগ্রামের স্কুলছাত্র ভারতের কারাগারে চার মাস
কুড়িগ্রামের উলিপুর উপজেলার মণ্ডলের হাট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বিকাশচন্দ্র দাস চার মাস ধরে ভারতের আসাম রাজ্যের বারোপেটা কারাগারে বন্দী দিন কাটাচ্ছে। বিকাশকে ফিরিয়ে আনতে না পেরে তার গরিব মা-বাবা এখন পাগলপ্রায়।বিকাশের বাবা উলিপুরের বুড়াবুড়ী ইউনিয়নের আঠার পাইকার দলবাড়ী গ্রামের জেলে পরবাস চন্দ্র জানান, মাস চারেক আগে আসামের ফুলবাড়ী দাসপাড়া গ্রামের সত্য চন্দ্র (১৭) অবৈধ পথে বাংলাদেশে এসে তার প্রতিবেশী বাচ্চু দাসের বাড়িতে কয়েক দিন ছিল। সেখানে সত্যের সঙ্গে বিকাশের পরিচয় হয়। সত্য দাস বিকাশকে ভারতের পশ্চিমবঙ্গের দিনহটায় তার (বিকাশ) দুলাভাই মনভোলার বাড়িতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখায়। বিকাশ মা-বাবাকে রাজি করিয়ে ভারত যাওয়ার অনুমতি পায়।পরবাস চন্দ্র আরও জানান, গত জুলাইয়ে সত্য বিকাশকে অবৈধ পথে রৌমারী সীমান্ত দিয়ে বারোপেটা জেলার ফুলবাড়ী দাসপাড়ায় তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে কয়েক দিন রেখে তাকে দিনহাটায় নেওয়ার কথা বলে দিল্লি যাওয়ার বাসে ওঠায়। এ সময় বিকাশ কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন দুজনকে আটক করে বারোপেটা থানায় সোপর্দ করে। পুলিশ তাদের জেলে পাঠায়। জেলে যাওয়ার আগে বিকাশ বাড়িতে ফোন করে ভাই নিরাশকে এ খবর জানায়।সত্য কয়েক দিনের মধ্যে ছাড়া পায়। কিছুদিন পর বিকাশকে ছাড়ানোর জন্য তার দুলাভাই মনভোলা বারোপেটা আদালতের আইনজীবী সঞ্জীব চট্টোপাধ্যায়ের মাধ্যমে চেষ্টা করেন। কিন্তু বিনা পাসপোর্টে বিকাশ ভারতে ঢোকায় আইনি জটিলতায় পড়ে যায়। আদালত বিকাশকে নিরাপত্তা হেফাজতে পাঠায়। বিকাশের বাবা জানান, বিকাশকে উদ্ধারের জন্য বিভিন্নজনের কাছে ধরনা দিয়েও কোনো লাভ হয়নি। এদিকে ছেলেকে ভারতের কারাগার থেকে ছাড়িয়ে আনতে না পারায় বিকাশের মাও বিমর্ষ হয়ে পড়েছেন।