কুড়িঘাট বধ্যভূমিতে এখন ময়লার স্তূপ
স্বাধীনতার ৪৪ বছর পরও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কুড়িঘাট বধ্যভূমি অবহেলিত ও অরক্ষিত। বধ্যভূমিটিতে এখন ময়লার স্তূপ। সাত বছর আগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখানে স্মৃতিসৌধ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর নির্মাণ করেন। কিন্তু সেটি আর আলোর মুখ দেখেনি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজ-সংলগ্ন কুড়িঘাট এলাকায় বধ্যভূমিটির অবস্থান। এর চারপাশে এলাকাবাসী ময়লা ফেলছেন। দেখে মনে হয়, এটি কোনো ময়লার ভাগাড়। এর পাশেই একটি শহীদ মিনার আছে। সেখানেও ময়লা স্তূপ হয়ে আছে।
২০০৮ সালে তৎকালীন ইউএনও সুলেখা রানী বসু কুড়িঘাট এলাকায় বধ্যভূমিটি চিহ্নিত করে মাটি ভরাট করে স্মৃতিসৌধ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর নির্মাণ করেন। এখন এটি ওই ময়লার ভাগাড়ের মধ্যে পড়ে আছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বধ্যভূমিতে রাতে নেশাখোরদের আড্ডা বসে। আর পথচারীরা জায়গাটি শৌচাগার হিসেবে ব্যবহার করছেন। প্রতিবছর বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের সময় ময়লা পরিষ্কার করে শহীদদের স্মৃতির উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সালাম বলেন, ১৯৭১ সালের ১৬ আগস্ট দিবাগত রাতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় দেড় শতাধিক নারী-পুরুষকে হত্যা করে ব্রহ্মপুত্র নদের পাড়ে কুড়িঘাট এলাকায় ফেলে রাখে। এ সময় গণহত্যার শিকার হন হোসেনপুর বাজারের ব্যবসায়ী মধুসূদন সরকার, ছাত্র সত্যেন্দ্রনাথ মোদক, ব্যবসায়ী মনিন্দ্র চন্দ্র সাহা, সাহেবের চর গ্রামের হেলাল উদ্দিনসহ নাম না জানা আরও অনেকে।
হোসেনপুর বাজারের স্বর্ণের ব্যবসায়ী ভবতোষ চন্দ্র সরকার বলেন, তিনিসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে ওই স্থানে হাত বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়েছিল হানাদার বাহিনী। এ সময় তিনিসহ তিনজন লাফ দিয়ে রক্ষা পান। তাঁর গর্ভবতী স্ত্রী বকুল রানী সরকারকে গুলি করার পর ব্রহ্মপুত্র নদে ফেলে দেয় পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা। পরে তিনি সাঁতরে হনুমান নামের একটি জায়গায় আটকা পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। তিনি অভিযোগ করেন, ‘এখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করার জন্য আমরা চাঁদাও দিয়েছিলাম। কিন্তু আজও স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি। উল্টো পৌরসভার ময়লা ফেলে এটাকে গণশৌচাগার বানিয়ে ফেলা হয়েছে।’ একই অভিযোগ করেন ওই দিনের ঘটনায় বেঁচে যাওয়া নারায়ণ চন্দ্র সাহা।
হোসেনপুর পৌরসভার মেয়র মাহবুবুর রহমান ময়লা ফেলার বিষয়টি স্বীকার করে বলেন, দ্রুত ওই ময়লা পরিষ্কারের ব্যবস্থা করা হবে। ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, এ বছর বিজয় দিবস পালনের পরই স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু করা হবে। ময়লা যাতে আর না ফেলা হয়, সে ব্যবস্থাও নেওয়া হবে।