কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদ্যাপন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণ নতুন ও পুরোনো শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন।প্রধান অতিথি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকস্বল্পতা দূর করার জন্য বতর্মান সরকার ইতিমধ্যে প্রায় ৫৮ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছে। আরও ১১ হাজার শিক্ষক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আ. শাকুর বলেন, ‘সত্যিই আজ আমি আনন্দিত। একসময় আমি বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের প্রাক্তন ও নতুন শিক্ষার্থীদের মধ্যে পরিচিত হওয়ার সুযোগ ঘটেছে।’শতবর্ষ উদ্যাপন কমিটির সভাপতি হযরত আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ একাব্বর হোসেন, গাজীপুরের কালিয়াকৈর আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ ফজলুর রহমান প্রমুখ।