কুড়িল উড়ালসেতুর কাজ শুরু হচ্ছে কাল
তত্ত্বাবধায়ক সরকারের একেবারে শেষ সময়ে, ২০০৮ সালের ৭ ডিসেম্বর কুড়িল উড়ালসেতুর (ফ্লাইওভার) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তখন বলা হয়েছিল, শিগগিরই কাজ শুরু করে দুই বছরের মধ্যে অর্থাত্ চলতি ২০১০ সালে শেষ করা হবে। কিন্তু গত প্রায় দেড় বছরেও ওই কাজ শুরুই হয়নি। শুরু হবে আগামীকাল রোববার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করবেন।সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে উড়ালসেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তখন পর্যন্ত জমি অধিগ্রহণ কিংবা অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি।বিষয়টি সম্পর্কে রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা বলেন, এখন বাস্তবসম্মত ক্ষেত্র তৈরি হয়েছে। ইতিমধ্যে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। ২০১২ সালের মাঝামাঝি নির্মাণকাজ শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে।পূর্বাচল উপশহর প্রকল্পের ৩০০ ফুট প্রশস্ত প্রধান সড়কের সঙ্গে কুড়িল-বিশ্বরোডকে যুক্ত করতে এই উড়ালসেতু নির্মিত হবে। প্রকল্পের নাম ‘কুড়িল-বিশ্বরোড আন্তসংযোগ ফ্লাইওভার’। এর দৈর্ঘ্য হবে ৩ দশমিক ০১ কিলোমিটার। এ ছাড়া সংযোগ (অ্যাপ্রোচ) সড়ক থাকবে দুই কিলোমিটার। দুই লেনের গড় প্রস্থ হবে ৬ দশমিক ৮ মিটার থেকে সর্বোচ্চ ৯ দশমিক ২ মিটার। উড়ালসেতুতে চারটি ‘লুপ’ থাকবে। এগুলো হবে বনানী, কুড়িল, খিলক্ষেত ও পূর্বাচল প্রান্তে।উড়ালসেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩০৩ কোটি টাকা। এর মধ্যে চুক্তিমূল্য হচ্ছে ১৫৪ কোটি টাকা। বাকি টাকা খরচ হবে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও অন্যান্য খরচ বাবদ। জমি অধিগ্রহণ হবে মোট ১২ দশমিক ৬০ একর। ইতিমধ্যে ব্যক্তিমালিকানাধীন ২ দশমিক ৭ একরসহ কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে বলে পূর্বাচল প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম জানান।রাজউকের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ৬৪টি জেলা থেকে রাজধানীতে প্রবেশদ্বার হচ্ছে তিনটি—যাত্রাবাড়ী, মহাখালী ও আমিনবাজার। কুড়িল উড়ালসেতু চালু হলে ঢাকা শহরে ঢোকার নতুন একটি প্রবেশপথ সৃষ্টি হবে।স্থানীয় সাংসদ এ কে এম রহমতউল্লাহ প্রথম আলোকে বলেন, এই উড়ালসেতু হলে কাঁচপুর থেকে পূর্বাচল পর্যন্ত সহজে এবং গুলশান, বনানীসহ আশপাশের এলাকায় অল্প সময়ে যাতায়াত করা যাবে। এমনকি কমলাপুরের সঙ্গে সংযোগ স্থাপন এবং টঙ্গী, ময়মনসিংহ ও আশপাশের সব এলাকার সঙ্গে যাতায়াত সহজ হবে। উড়ালসেতুটির যথাযথ ব্যবহার হলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানজটও কমবে।