কুড়িল থেকে পলাতক জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের হাতে গ্রেপ্তার জঙ্গি আকরামুজ্জামান
ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে পলাতক এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার মো. আকরামুজ্জামান ওরফে আবু অসেম আল মাহদী (৪১) জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে মো. আকরামুজ্জামান ওরফে আবু অসেম আল মাহদীকে গ্রেপ্তার করা হয়। এটিইউ জানিয়েছে, আকরামুজ্জামান রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া আশরাফিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে দাওরাহ পাস করেছেন।
আজ বুধবার এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান প্রথম আলোকে বলেন, আকরামুজ্জামান ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদী প্রচারণা চালাচ্ছিলেন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি।

আসলাম খান আরও বলেন, আকরামুজ্জামান সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট ও বক্তব্য দিচ্ছিলেন। অনলাইনে নিজেদের মতবাদ প্রচার করে নিষিদ্ধ সংগঠনের সদস্য সংগ্রহেও যুক্ত ছিলেন তিনি। গত ১৮ অক্টোবর তাঁর বিরুদ্ধে মানিকগঞ্জের শিবালয় থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।