কুড়িল-পূর্বাচল সড়কের দুই পাশে জলাধার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত ৩০০ ফুট সড়কের দুই পাশে জলাধার তৈরি করা হবে। নিকুঞ্জ, বারিধারা, জোয়ার সাহারা, ডিওএইচএস, ক্যান্টনমেন্টসহ পার্শ্ববর্তী এলাকার জলাবদ্ধতা নিরসনে এ জলাধার হবে ১০০ ফুট চওড়া। এ জন্য ব্যয় হবে ৫ হাজার ৫৩০ কোটি টাকা।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পাশে (কুড়িল থেকে বালু নদ পর্যন্ত) ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন নামের এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে ২০১৮ সালের আগস্ট মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়নে ৯৮ একর জমি অধিগ্রহণ করতে হবে। প্রকল্পের আওতায় খাল খননের পাশাপাশি দুই পাড় বাঁধানোসহ হাঁটার রাস্তা বা ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এ ছাড়া বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন সেতুও তৈরি হবে। প্রকল্পের পুরো অর্থই সরকারের।
গতকাল একনেক সভায় প্রকল্প উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি নিয়ে তাঁর মত দেন। সভার দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বলেছেন, কয়েকটি পত্রিকায় এ প্রকল্প নিয়ে শিরোনাম হয়েছে। ওখানে আগে নাল জমি ছিল। আমি তো ওখানে স্পিডবোটে চড়েছি। খাল ও রাস্তা একসঙ্গে করা উচিত ছিল। তাহলে এখন এত ঝামেলা হতো না। তাই এখন থেকে কোনো এলাকা উন্নয়ন করার সময় জলাধার রাখতে হবে।
একনেক বৈঠক সূত্রটি আরও জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, পত্রিকায় লেখা হয়েছে যে এ প্রকল্পটি খামোখা করা হচ্ছে। তাহলে তাদেরটা কী? কত মানুষের জমি তারা দখল করেছে। কত মানুষকে কাঁদিয়েছে। মানুষের যখন টাকার নেশা হয়ে যায়, তখন অন্যদিকে তাকায় না। এ প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ সময় প্রধানমন্ত্রী কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত সিএস খতিয়ান দেখে বেদখল জমির তালিকা তৈরির জন্য ঢাকা জেলা প্রশাসনকে নির্দেশ দেন।
গতকালের সভায় এ প্রকল্পটিসহ ৮ হাজার ৮২৫ কোটি টাকার মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় উৎস থেকে দেওয়া হবে ৬ হাজার ৩১৪ কোটি ৩৫ লাখ টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ২ হাজার ৩৫৮ কোটি ২৮ লাখ টাকা। অন্যদিকে বাস্তবায়নকারী সংস্থা দেবে ১৫২ কোটি ৪০ লাখ টাকা।
অনুমোদিত অন্য প্রকল্প হলো, ২ হাজার ৯৯১ কোটি টাকার আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (পূর্ব), ৩৬ কোটি টাকার কক্সবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের উন্নয়ন ও সম্প্রসারণ, ৮০ কোটি টাকার সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন, সাড়ে ৪৪ কোটি টাকার নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন শিবপুর বন্যানিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প এবং ২০৩ কোটি টাকার কক্সবাজার-টেকনাফ-মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্প তৃতীয় পর্যায় (শিলখালী থেকে টেকনাফ)।
একনেক সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।