কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে মা-মেয়েসহ আহত ৩
নারায়ণগঞ্জ সদর উপজেলায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন আহত হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে ফতুল্লার পাগলা নূরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন নার্গিস আক্তার (২৭), তাঁর মেয়ে রিয়া (৭) ও আসমা বেগম (২৮)।এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, গতকাল বেলা দুইটার দিকে ফতুল্লার পাগলা নূরবাগ এলাকার রাসেল মিয়ার সাত বছরের মেয়ে রিয়া ও তার বন্ধু জুলি তাদের বাড়ির পাশে একটি বালুর মাঠে খেলা করছিল। এ সময় পরিত্যক্ত অবস্থায় পলিথিন ব্যাগে মোড়ানো বলের মতো বস্তু দেখতে পেয়ে তা বাড়িতে নিয়ে যায়। বাড়ির উঠানে রিয়ার মা নার্গিস আক্তার ও জুলির মা আসমা বেগম বসে কথা বলার সময় রিয়া পলিথিনে মোড়ানো ব্যাগটি খুলতে গেলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে নার্গিস আক্তার, মেয়ে রিয়া ও আসমা বেগমের শরীর ঝলসে যায়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, পলিথিনে মোড়ানো বস্তুটি ককটেল ছিল বলে ধারণা করা হচ্ছে।