কুড়িয়ে পাওয়া ককটেল শ্রেণীকক্ষে বিস্ফোরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলায় বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থীর নাম আহাত হোসেন (১০) ও তৌফিক ওরফে প্রান্তিক (১০)। তারা ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। তাদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, শ্রেণীকক্ষে ঢোকার আগে আহাত মাঠের মধ্যে ছোট একটি কৌটার মতো বস্তু নিয়ে খেলছিল। ক্লাস শুরু হলে সে কৌটাটি পকেটে নিয়ে শ্রেণীকক্ষে ঢোকে। একপর্যায়ে কৌটাটি পকেট থেকে পড়ে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে অন্য শিক্ষার্থী ও শিক্ষকেরা ছুটে এসে আহাত ও তৌফিককে আহতাবস্থায় দেখতে পান। পরে তাদের সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সোনাতলা থানার ওসি এ কে এম খালেকুজ্জামান বলেন, আহাতের নানির সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলে যাওয়ার আগে মাঠে গরুকে ঘাস খাওয়ানোর সময় সে একটি কৌটা কুড়িয়ে পায়। কৌটাটি সে স্কুলেও নিয়ে যায়। ওই কৌটাসদৃশ ককটেলটি বিস্ফোরণে তারা আহত হয়। তবে ওই দুই শিক্ষার্থী এখন আশঙ্কামুক্ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র সরকার বলেন, শিশুটি কুড়িয়ে পাওয়া একটি ককটেল শ্রেণীকক্ষে নিয়ে আসে। একপর্যায়ে পকেট থেকে পড়ে গিয়ে তা বিস্ফোরিত হয়।