কুড়িয়ে পাওয়া ককটেলে দুই শিশুসহ তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে গত সোমবার বিকেলে কুড়িয়ে পাওয়া একটি ককটেলের বিস্ফোরণে দুই শিশু ও এক নারী আহত হয়েছেন। এর মধ্যে রবিউল ইসলাম (৬) নামের এক শিশুর বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল উড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও নয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
আহত অন্য দুজন হলেন কৃষ্ণপুর গ্রামের মামুনুর রশিদের মেয়ে মিম (৫) ও শাহ আলমের স্ত্রী সালেহা খাতুন (৫৪)। একই গ্রামের আসলাম প্রামাণিকের ছেলে রবিউল কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। মিম একই বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী।
আহত সালেহা খাতুন বলেন, বাড়ির পাশে পানি শুকিয়ে যাওয়া একটি ডোবার পাশে সোমবার বিকেলে তিনি দা দিয়ে খড়ি কাটছিলেন। পাশেই প্রতিবেশী রবিউল ও মিম খেলছিল। ওই সময় শিশুরা ডোবায় একটি পলিথিনের ব্যাগে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি কৌটা পায়। এক ফাঁকে রবিউল খেলার ছলে তাঁর দা নিয়ে একটি কৌটায় আঘাত করে। বিকট শব্দে কৌটাটি বিস্ফোরিত হয়ে পাথর ও কাচের টুকরা তাঁদের তিনজনের শরীরে আঘাত করে রক্ত ঝরতে থাকে। ঘটনার পরই গ্রামের লোকজন তাঁদের রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নূরে আলম বলেন, ‘রবিউলের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল উড়ে যাওয়া অবস্থায় হাসপাতালে আনা হয়। শিশুটির বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারের আঘাত লেগে ক্ষত ও রক্তক্ষরণ হয়েছে। এ জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্প্লিন্টারের আঘাতে মিম ও সালেহার পা জখম হয়েছে। তাঁদের হাসপাতালেই চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
কৃষ্ণপুর গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা জানান, গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময় তাঁদের গ্রামের মহাসড়ক এলাকায় অসংখ্য ককটেলবাজি ঘটেছে। প্রতিদিনের হরতাল-অবরোধে নাশকতা হয়েছে। উদ্ধার করা ককটেলগুলো ওই সময় কেউ রেখে দিতে পারে। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, সুনির্দিষ্ট করে বলা যাবে না কৃষ্ণপুরের ডোবায় কারা ককটেল রেখেছে।