কুড়িয়ে পাওয়া ডলার এবং একটি উদাহরণ
চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মনির আহম্মদ সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। নগরের গোসাইলডাঙ্গা এলাকায় গত মঙ্গলবার ১০ হাজার মার্কিন ডলার রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন তিনি। পেয়েই তিনি ওই অর্থ পুলিশের কাছে জমা দেন। সততার পুরস্কারস্বরূপ তাঁকে মঙ্গলবার পুলিশ কমিশনারের কার্যালয় ডেকে সম্মাননা জানানো হয়।স্থানীয় সূত্র জানায়, সাতকানিয়া উপজেলার ইছামতি গ্রামের এমদাদুর রহমানের ছেলে মনির আহম্মদ ব্যক্তিগত কাজে মঙ্গলবার দুপুরে আগ্রাবাদে যান। সেখানে একটি ব্যাংকে লেনদেন সেরে গোসাইলডাঙ্গা এলাকায় ফেরার পথে রাস্তায় ১০ হাজার মার্কিন ডলার কুড়িয়ে পান। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে টহল পুলিশকে জানান। পুলিশ সূত্র জানায়, মনিরের ১০ হাজার ডলার কুড়িয়ে পাওয়ার ঘটনাটি নগর পুলিশ কমিশনারকে জানানো হয়। কমিশনার মোহাম্মদ আবুল কাশেম মঙ্গলবার রাতেই তাঁর কার্যালয়ে মনিরকে ডেকে পাঠান। সেখানে ঊর্ধতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে মনিরকে সম্মাননা জানানো হয়। পুলিশ কমিশনার আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘দেশে এখনো সৎ লোক আছে। যার উদাহরণ মনির। তিনি চাইলে ১০ হাজার ডলার নিয়ে যেতে পারতেন। সততার দৃষ্টান্ত স্থাপন করায় আমরা তাঁকে সম্মাননা জানিয়েছি। আর এ সম্মাননা হলো নগদ দুই হাজার টাকা আর্থিক পুরস্কার আর একটি সনদ। সনদটি অবশ্য আমরা পরে দেব। কমিশনার কাশেম আরও বলেন, কুড়িয়ে পাওয়া ডলার ডবলমুরিং থানায় জমা আছে। উপযুক্ত প্রমাণ দিয়ে প্রকৃত মালিক তা নিয়ে যেতে পারবেন।