কুড়িয়ে পাওয়া নবজাতক এখন সবার চোখের মণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবে জন্মেছে ও। কেউ ‘আপদ’ মনে করে তার শরীরের একাংশ পুঁতে রেখেছিল। রাতে রক্ত হিম হওয়া ঠান্ডার মধ্যে ঠিকমতো কাঁদতেও পারছিল না সে। কান্নার আওয়াজ শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন দুই যুবক। সেই নবজাতককে দত্তক নেওয়ার জন্য এখন মানুষের লম্বা সারি।

দিনাজপুর শহরে গতকাল সোমবার হৃদয়ছোঁয়া এ ঘটনা ঘটে। ঘটনার শুরুটা রোববার দিবাগত রাত ১২টার পরে। শহরের এনায়েতপুর ঈদগাহ মাঠে বসে গল্প করছিলেন জাকির হোসেন (২৬) ও আহনার হাবীব (১৮)। এ সময় শিশুর কান্নার অস্পষ্ট আওয়াজ কানে আসে। ঠাহর করে মাঠের পশ্চিম রাস্তার ধারে পুকুরের কোনায় গিয়ে শিশুটির দেখা মেলে। গায়ে কোনো বস্ত্র ছিল না। শরীরের নিচের অংশ পোঁতা ছিল মাটিতে। শীতে কাহিল শিশুটি মাঝেমধ্যে কুঁকড়ে কেঁদে উঠে আবার মুখ থুবড়ে পড়ছিল।

জাকির হোসেন বলেন, গর্ত থেকে তুলে শিশুটিকে কোলে নেন আহনার। এরপর নিজের শরীরে থাকা শীতের পোশাক দিয়ে মুড়িয়ে দেন। এরপর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ফোন করে বিষয়টি জানানো হয়। ওসি শিশুটিকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

দুজন একটি ইজিবাইক ভাড়া করে শিশুটিকে নিয়ে হাসপাতালের পথে রওনা হন। পথে পুলিশ তাঁদের সঙ্গে যোগ দেয়। সবাই মিলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান চিকিৎসক এস এম ওয়ারেস প্রথম আলোকে বলেন, ফুটফুটে সুন্দর শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে।

শিশুটিকে দেখতে সকাল থেকেই উৎসুক মানুষের ভিড় বাড়ছে। ভিড় এড়াতে তাকে হাসপাতালের জ্যেষ্ঠ নার্সদের কার্যালয় কক্ষে রাখা হয়েছে। নিঃসন্তান এক জ্যেষ্ঠ নার্স শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

নিষ্পাপ শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ দেখানো মানুষের তালিকায় রয়েছেন আরও অন্তত ২৫ জন। এর মধ্যে রয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তাও।

কোতোয়ালি থানার ওসি মো. রেদওয়ানুর রহিম বলেন, নিঃসন্তান কয়েক দম্পতি এরই মধ্যে লিখিত আবেদনও করেছেন। যে শিশুটিকে আপদ মনে করে কেউ ফেলে গেছে, তাকেই দত্তক পেতে এখন মানুষের লম্বা সারি। ওসি আরও বলেন, দত্তক পেতে আগ্রহী ব্যক্তিদের কাছে জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি বোর্ড গঠন করা হবে। শিশুটি যার কাছে যত্নে থাকবে বলে বোর্ড সদস্যরা বিবেচনা করবেন, আনুষ্ঠানিকভাবে তাঁর কাছেই তাকে তুলে দেওয়া হবে।