কুড়িয়ে পাওয়া বোমায় আহত আরিফ
ক্রিকেটভক্ত আরিফুল ইসলাম (১৪)। পড়ার ফাঁকে সুযোগ পেলেই ছুটে যায় মাঠে। বন্ধুদের সঙ্গে মেতে ওঠে খেলার আনন্দে। গতকাল শনিবার সকালেও তাই করতে যাচ্ছিল আরিফ। কিন্তু মাঠে যাওয়ার আগেই দুর্ঘটনার শিকার হয় আরিফ। পথে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ঝলসে গেছে বাঁ হাতের কবজি পর্যন্ত। খেলনার বল ভেবে হাতে নিতেই ঘটে বিস্ফোরণ।
বাঁশখালীর খানকানাবাদ ইউনিয়নের পূর্ব ঢোংরা গ্রামে গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় পৌনে তিনটার দিকে। ভর্তি করা হয় হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে।
আরিফ পূর্ব ঢোংরা গ্রামের মোশাররফ আলীর বাড়ির ওমানপ্রবাসী নুরুল ইসলামের ছেল। সে স্থানীয় দারুল ইসলাম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র। ‘ভাই, আমরা নিরীহ মানুষ। কিছুতেই নেই। কিন্তু কপাল পুড়ল আমার ও ছেলের। এখন আমার ছেলে ভালো হবে তো?’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন তিন ছেলের জননী রাশেদা সুলতানা। চমেক হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের সামনে বড় ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত মা। এই ওয়ার্ডে আরিফকে নিয়ে আসা হয়েছে এক্স-রে করার জন্য। আরিফের বাঁ হাতের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের (অর্থোপেডিক্স বিভাগ) কর্তব্যরত চিকিৎসক। তিনি প্রথম আলোকে বলেন, ‘তাঁর (আরিফ) কয়েকটি আঙুলের কিছু কিছু অংশ উড়ে গেছে। হাতের অবস্থা ভালো না। অপারেশনের পর বিস্তারিত বলা যাবে।’ এদিকে আজ রোববার থেকে আরিফের বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় তার পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপারে শঙ্কায় আছেন মা রাশেদা সুলতানা।