কুড়িয়ে পাওয়া মূর্তি নিয়ে গল্পের ডালপালা থেকে থানা-পুলিশ!
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কুড়িয়ে পাওয়া একটি পিতলের মূর্তি নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর এলাকায় ছিল গল্পের ছড়াছড়ি। সেটিকে সোনার মূর্তি ভেবে একনজর দেখার জন্য ভিড় জমায় কয়েক গ্রামের মানুষ। খবর পেয়ে হাজির হয় পুলিশ। শেষ পর্যন্ত এক শিশু, এক নারীসহ মূর্তিটি থানায় নেয় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল হালুয়াঘাট উপজেলার উত্তর গোপীনগর গ্রামের একটি পুকুরঘাটে শান্তা নামের সাত বছরের এক শিশু একটি ছোট মূর্তি কুড়িয়ে পায়। শিশুটি গতকাল সকালে মক্তবে এসে পুকুরঘাটে হাত-মুখ ধুতে গিয়ে সে মূর্তিটি দেখতে পায়। সেটি নিয়ে শিশুটি মক্তবের শিক্ষকসহ অনেককে দেখায়। কিছুক্ষণের মধ্যে মক্তবে সোনার একটি মূর্তি পাওয়া গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। গল্প ডালপালা ছড়াতে ছড়াতে হালুয়াঘাট থানার পুলিশের কানেও যায়। দুপুরে পুলিশ ওই মক্তবে গিয়ে মূর্তিটি জব্দ করে। এ সময় শিশু শান্তা ও পুকুরের মালিকের এক আত্মীয়কে থানায় নিয়ে যাওয়া হয়।
হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য শান্তা ও পুকুরের ওই মালিকের এক মেয়েকে থানায় আনা হয়েছিল। শান্তাকে ওর মাসহ থানায় আনা হয়। পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া মূর্তিটি দেবী লক্ষ্মীর। বর্তমানে এটি পুলিশের হেফাজতে রয়েছে।