কুড়িয়ে পাওয়া শিশু একুশের আকিকা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার শিশু একুশের আকিকা অনুষ্ঠান। নগরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশু একুশকে জিম্মায় পাওয়া দম্পতি শাকিলা আক্তার ও তাঁর স্বামী চিকিৎসক মো. জাকিরুল ইসলাম এ কথা জানান।

জিম্মায় পাওয়ার তিন মাস পর আদালতের শর্ত অনুযায়ী গতকাল বুধবার দুপুরে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে শিশু একুশকে আদালতে আনা হয়েছে।

আদালতের সরকারি কৌঁসুলি এম এ ফয়েজ প্রথম আলোকে বলেন, শিশু একুশ সুস্থ আছে। আদালতে শর্ত অনুযায়ী তাকে আনা হয়েছে। এ সময় তার স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদন, শিক্ষা বিমার কাগজপত্র, জন্ম নিবন্ধন সনদ ও টিকার কাগজপত্র আদালতে দাখিল করা হয়েছে।

চিকিৎসক জাকিরুল ইসলাম বলেন, কাল ছেলের আকিকা অনুষ্ঠান। সে সুস্থ আছে। সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন তিনি।

গত ২০ ফেব্রুয়ারি রাতে নগরের কর্নেলহাট এলাকার একটি ডাস্টবিনে পাওয়া যায় শিশুটিকে। উদ্ধারের পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিল সে। একুশের প্রথম প্রহরের কিছুক্ষণ আগে শিশুটিকে উদ্ধার করার কারণে তার নাম রাখা হয় ‘একুশ’। শিশুটিকে সন্তান হিসেবে লালন-পালন করতে ১৬ জন নারী আবেদন করেছিলেন। গত ২৯ মার্চ আদালত শাকিলা জাকির দম্পতির জিম্মায় শিশুটিকে লালন-পালনের নির্দেশ দেন।