কুড়িয়ে পাওয়া শিশু নাম পেল বৈশাখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম শহরের পুরাতন রেলস্টেশন এলাকা। সেখানে রাস্তার পাশের ডাস্টবিনে পড়ে ছিল এক নবজাতক। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন দুই যুবক। হাসপাতাল কর্তৃপক্ষ কন্যাশিশুটির নাম দিয়েছে বৈশাখী।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে রেলস্টেশনের পাশে ডাস্টবিনে শিশুটির কান্না শুনতে পান একই এলাকার পথচারী ময়নুল হক। পরে এলাকাবাসীর সহযোগিতায় ময়নুল হক ও জিতু নামের এক যুবক শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন। সেখানকার শিশু ওয়ার্ডে নবজাতকটিকে শহরের পুরাতন রেলস্টেশন পাড়ার শাহ্ আলমের স্ত্রী খাদিজা বেগমের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ময়নুল হক বলেন, ‘রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। ডাস্টবিনের কাছে গিয়ে বাচ্চাটিকে দেখতে পাই। পরে জিতুকে ডেকে নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাই।’
খাদিজা বেগম বলেন, ‘সদর হাসপাতালে রোগী দেখতে এসেছিলাম। এ সময় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। নাম-পরিচয়হীন শিশুটিকে দেখে ভীষণ মায়া লেগে যায়। তখন থেকেই বাচ্চাটির দেখাশোনা করছি। আমি বাচ্চাটিকে নিতে চাই।’
খাদিজা বেগমের স্বামী শাহ্ আলম বলেন, ‘আমার স্ত্রী বাচ্চাটি নিতে চায়। সে আশায় বাড়িতে না গিয়ে বাচ্চাটির দেখাশোনা করছি। আমি হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব মহলের কাছে আবেদন করছি যেন শিশুটিকে আমার স্ত্রীকে দেওয়া হয়। আমরা তাকে মানুষ করতে কোনো ত্রুটি করব না।’
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম বলেন, নবজাতককে জন্মের দুই ঘণ্টার মধ্যে ডাস্টবিনে ফেলা রাখা হয়েছিল। সে সুস্থ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তার নাম দিয়েছে বৈশাখী। শিশুটির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।