কুড়িয়ে পাওয়া শিশুটির দায়িত্ব নিলেন ইউএনও

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধানখেত থেকে উদ্ধার হওয়া পরিচয়হীন কন্যা শিশুটির দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শঙ্কর কুমার বিশ্বাস। শিশুটির নাম রাখা হয়েছে সুমাইয়া আক্তার অজান্তা।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কুটি মন্নেয়ারপাড় গ্রামে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে সফিকুল ইসলাম ও আঞ্জুয়ারা নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেওয়া হয়।
শিশুটির ভরণ-পোষণ ও পড়ালেখার দায়িত্ব নিয়েছেন ইউএনও শঙ্কর কুমার বিশ্বাস। তিনি ওই দম্পতিকে পিতা-মাতা উল্লেখ করে শিশুটির জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান ব্যাপারিকে নির্দেশ দেন। শিশুটি ওই দম্পতির সন্তান পরিচয়ে সামাজিকভাবে বড় হবে। তিনি আশা করেন শিশুটি একদিন বড় হয়ে পড়ালেখা শিখে মানবসেবায় ব্রতী হবে। পরে শিশুটির জন্য তাঁর বাবা-মায়ের হাতে নগদ অর্থ ও পোশাক তুলে দেন শঙ্কর কুমার বিশ্বাস। তিনি বলেন, গত চার দিনেও শিশুটির প্রকৃত পিতা-মাতার খোঁজ মেলেনি। ফলে মঙ্গলবার ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে তাঁর ভরণ-পোষণ ও পড়ালেখার দায়িত্ব নিয়ে তিনি শিশুটিকে ওই দম্পতির হাতে তুলে দিয়েছেন। যাতে শিশুটি ওই বাবা-মায়ের পরিচয়ে বড় হতে পারে।
উল্লেখ্য, কালীগঞ্জ ইউনিয়নের কুটি মন্নেয়ারপাড় গ্রামের সফিকুল ইসলাম গত শনিবারে তাঁর বাড়ির পাশের ধানখেতের আইলে এক নবজাতক কন্যা শিশুকে কাপড় মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি শিশুটিকে বাড়িতে এনে বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়ে দেন। চিকিৎসা শেষে গত রোববার বিকেলে আশঙ্কামুক্ত অবস্থায় শিশুটিকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়।