কুড়িয়ে পাওয়া সেই শিশু বড় হচ্ছে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্সের কোলে সানজিদা। গতকাল কেক কেটে তার জন্মদিন পালন করা হয় l ছবি: জুয়েল শীল
নার্সের কোলে সানজিদা। গতকাল কেক কেটে তার জন্মদিন পালন করা হয় l ছবি: জুয়েল শীল

পুরো শিশু সার্জারি বিভাগ সাজানো হয়েছে বেলুন দিয়ে। বিভাগে ঢোকার দরজা, দেয়াল, চিকিৎসক-নার্সদের কক্ষ—সবখানে ঝুলছে নানা রঙের বেলুন। পুরো বিভাগে উৎসবের সাজ। সার্জারি বিভাগে চিকিৎসাধীন ১০১ শিশুর পরনে নতুন জামা। হাতে খেলনা। রোগশোকে যন্ত্রণাক্লিষ্ট ছোট্ট মুখগুলোতে খুশির ঝিলিক। বিভাগের এক প্রান্তে ডিজিটাল ব্যানারে ইংরেজিতে লেখা ‘হ্যাপি বার্থ ডে’।
গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের চিত্র ছিল এমনই। এই বিভাগে চিকিৎসক ও নার্সদের সেবা ও মায়ায় বড় হয়ে ওঠা সানজিদা জাহান আরাবির জন্মদিন পালন করা হয়েছে গতকাল। জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া এই শিশুকে গত বছরের ২৫ জুলাই হাসপাতালের অস্ত্রোপচারকক্ষের পাশে ফেলে গিয়েছিল কেউ। সেখান থেকে কুড়িয়ে এনে তাকে লালন-পালন করছিলেন শিশু সার্জারি বিভাগের চিকিৎসক ও সেবিকারা।
গত বছরের ২৫ আগস্ট প্রথম আলোয় ‘মানুষ মানুষের জন্য’ শিরোনামে এই শিশুটিকে নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।
শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা বানু বলেন, জন্মগত বেশ কিছু ত্রুটি রয়েছে শিশুটির। মেনিনগোমায়োলোসিও সমস্যায় ভুগছে সে। তার মেরুদণ্ড তৈরি হয়নি। দুই পা পক্ষাঘাতগ্রস্ত। তাই বোঝা মনে করে কেউ শিশুটিকে বছর খানেক আগে হাসপাতালের বারান্দায় ফেলে রেখে যায়। গত বছরের ১০ আগস্ট তার পিঠে অস্ত্রোপচার করা হয়। এখন সে বসতে পারে। আরও কয়েকটি অস্ত্রোপচার করা দরকার তার।
প্রথম দিকে শিশুটিকে একেকজন একেক নামে ডাকত। পরে চিকিৎসক ও নার্সরা তার নাম রাখেন সানজিদা জাহান আরাবি। বাবা-মা বোঝা মনে করলেও শিশু সার্জারি বিভাগে পরম মমতায় বড় হতে থাকে আরাবি। বিভাগের নার্সরা পালা করে তার খেয়াল রাখেন। শিশুটিকে খাওয়ানো, ঘুম পাড়ানোসহ সবকিছুই তাঁরা করেন। প্রথম নয় মাস নার্সদের কক্ষই ছিল তার ঠিকানা। তিন মাস আগে বিভাগের সহকারী অধ্যাপক খুরশিদ আলম আরাবিকে নিজের বাসায় নিয়ে যান। সেখানে রাতে থাকত সে। সকালে আবার তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
খুরশিদ আলম বলেন, ‘কেউ শিশুটিকে নিতে চায় না। আমার বৃদ্ধ মায়ের ইচ্ছায় আমি বাসায় নিয়ে যাই। ছোট্ট শিশুটি মমতার বন্ধনে আবদ্ধ করে ফেলেছে বিভাগের চিকিৎসক ও নার্সদের। তাই ঘটা করে তার জন্মদিন পালন করা হলো।’
আরাবির জন্মদিন উপলক্ষে শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন সব শিশুকে নতুন জামা-কাপড় দেওয়া হয়, অনেকে সঙ্গে খেলনাও পেয়েছে। আনা হয় বিশাল কেক। হাসপাতালে থাকা অন্য শিশুদের অভিভাবকেরা করতালি দিয়ে শুভেচ্ছা জানান তাকে। কেক কাটার পর এই কোল থেকে ওই কোল—এভাবেই ঘণ্টা খানেক কেটেছে আরাবির।
উপহার পেয়ে বিস্ময়ের ঘোর যেন কিছুতেই কাটছিল না হাসপাতালে চিকিৎসাধীন ছোট্ট তৌহিদুল ইসলামের। আরেক শিশু আক্কাস উদ্দিনের মা মোতাহেরা বেগম বলেন, ‘আমার ছেলে খুব খুশি হয়েছে।’
জন্মদিন উপলক্ষে আরাবি পেয়েছে পুতুল, জামা, চকলেটসহ নানা উপহার। বিভাগের চিকিৎসক ফাহামিদা ওয়াফা বড় একটি পুতুল নিয়ে আসেন আরাবির জন্য। হাসপাতালে থাকা চিকিৎসাধীন অন্য শিশুর অভিভাবকেরা লাইন দিয়ে সেলফি তুলছেন তার সঙ্গে। ওয়াকারে (চাকাযুক্ত চেয়ার) বসা আরাবিকে শিশু ওয়ার্ডে ঘুরিয়েছেন অন্য অভিভাবকেরা।
বিভাগের চিকিৎসক মো. জাফর বলেন, ‘সে এখন আমাদের পরিবারেরই একজন। তাই এত আনন্দ আয়োজন। আপার (শিশু সার্জারি বিভাগের প্রধান) তত্ত্বাবধানে চিকিৎসার পাশাপাশি এখানেই বড় হয়েছে সে।’
মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর আরাবি এখন বসতে পারে। ভাঙা ভাঙা স্বরে বাবা, মা ডাকে। সালাম দিতে বলার সঙ্গে সঙ্গে হাত কপালে ছোঁয়ায়। চিকিৎসকেরা বলেন, বাবা-মায়ের ফেলে দেওয়া এই শিশুটিকে যে দেখে সে-ই মায়ার বন্ধনে জড়িয়ে যায়।