কুয়া থেকে দুই শিশুসন্তানসহ গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগানের বড় লাইন এলাকার একটি কুয়া থেকে গতকাল বৃহস্পতিবার দুই শিশুসন্তানসহ এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।নিহতরা হচ্ছে শিলুয়া চা-বাগানের কর্মচারী প্রেম সাগর লোয়ারের স্ত্রী শীলা লোয়ার (৩৫), ছেলে দীপ্ত (৫) ও মেয়ে দীপ্তা (২)। প্রেম সাগর লোয়ার (৫০) শিলুয়া চা-বাগানের কারখানার পাইপলাইনে মিস্ত্রির কাজ করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশগুলো মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।স্থানীয় লোকজনের ভাষ্যমতে, গতকাল ভোর ছয়টার দিকে ওই কুয়া থেকে পানি ওঠাতে গেলে সেটিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, বাগান কর্তৃপক্ষ ও পুলিশকে জানান। পরে লাশটি ওঠানো হলে স্বজনেরা এসে সেটি দীপ্তার বলে শনাক্ত করেন। একপর্যায়ে জানা যায়, প্রেম সাগরের বাড়িতে তাঁর স্ত্রী শীলাসহ সন্তান দীপ্তও নেই। শয়নকক্ষের পেছনের দরজা খোলা।পুলিশ জানায়, বাঁশের একটি কাঠি দিয়ে কুয়ায় তল্লাশি করে নিচে আরও দুটি লাশের খোঁজ পাওয়া যায়। পরে কয়েকজন শ্রমিককে নিচে নামিয়ে সেখান থেকে শীলা ও দীপ্তর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকালে দীপ্তকে মায়ের বুকে আঁকড়ে ধরা অবস্থায় দেখা যায়।প্রেম সাগর জানান, তাঁদের তিন সন্তান। গত বুধবার রাত ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে তাঁর স্ত্রী শীলা ছোট দুই সন্তান দীপ্ত ও দীপ্তাকে নিয়ে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। বড় ছেলে দীপককে (৮) নিয়ে তিনি পাশের আরেকটি কক্ষে ঘুমান।প্রেম সাগর বলেন, ‘সে (স্ত্রী শীলা) খুব ভালো ছিল। কাল (বুধবার) সন্ধ্যায় কাজ থেকে ফেরার পর সে পানি গরম করে দেয়। আমি স্নান করি। কী হলো কিছুই বুঝতে পারছি না। তার সঙ্গে তো কখনো ঝগড়াঝাটিও হয়নি।’ নিহত শীলার ছোট ভাই মুন্না রায় (৩০) বলেন, ‘তিন-চার দিন আগে মোবাইল ফোনে দিদির (শীলা) সঙ্গে কথা হয়েছে। কোনো সমস্যার কথা সে বলেনি।’ তাঁদের বাড়ি পাশের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। আপাতত অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এটি আত্মহত্যা না হত্যা—এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’