কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পর্যটকদের আকৃষ্ট, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা এবং সৈকত শহরের উন্নয়ন পরিকল্পনার জন্য কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কক্সবাজার ও কুয়াকাটা পর্যটন কেন্দ্রের জন্য মাস্টারপ্ল্যান উপস্থাপনকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে শেখ হাসিনা প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের ভারসাম্য অক্ষুণ্ন রেখে কক্সবাজার ও কুয়াকাটা পর্যটন শহরের অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। খবর বাসসের।প্রয়োজনীয় গবেষণা চালানোর জন্য প্রধানমন্ত্রী সেখানে পারমাণবিক গবেষণাকেন্দ্র ও মহাসাগরীয় গবেষণা ইনস্টিটিউট নির্মাণেরও নির্দেশ দেন। প্রধানমন্ত্রী পর্যটকদের জন্য খাদ্য, পানীয়, টয়লেট, গোসলসহ যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।শেখ হাসিনা কুয়াকাটার অবকাঠামো এমনভাবে নির্মাণের নির্দেশ দেন, যাতে পর্যটকেরা সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানির শিকার না হন।বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লাহ ওয়াহিদুজ্জামান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন।এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি কক্সবাজারকে পর্যটন শহর হিসেবে গড়ে তোলার জন্য মন্ত্রিসভা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২-এর খসড়া অনুমোদন করে।