সমুদ্রসৈকত কুয়াকাটায় বালুর নিচ থেকে জেগে ওঠা নৌকা উদ্ধার-পরবর্তী করণীয় নির্ধারণ ও সুরক্ষা তদারক করতে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল কুয়াকাটা সফর করেছেন। গতকাল শুক্রবার দুপুরে প্রতিনিধিদলের সদস্যরা সৈকতের জাতীয় উদ্যানসংলগ্ন বালুচরে নৌকার অবস্থান ও নৌকাটি সংরক্ষণ করে রাখার নির্ধারিত স্থান কুয়াকাটার গঙ্গামতি এলাকার ধোলাই মার্কেট পরিদর্শন করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম। এতে অন্যদের মধ্যে ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আখতার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উৎকীর্ণলিপি ও মুদ্রা শাখার সহকারী পরিচালক আফরোজা খান মিতা, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। পরিদর্শন শেষে সুরাইয়া বেগম বলেন, ‘এটা শত বছরের একটি মূল্যবান সম্পদ। এর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছু জানার আছে। আমরা মনে করছি, সেনাবাহিনীর সহায়তা ছাড়া এত বড় একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ স্থানান্তর করা সম্ভব নয়। সে জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়ে চিঠি দিয়েছি। ঢাকায় ফেরার পর এ বিষয়ে তাদের করণীয় সম্পর্কে জানা যাবে।’শিরিন আখতার বলেন, ‘সামনে বর্ষা মৌসুম। সাগরে পানির চাপ বাড়বে এবং সাগর থেকে ফুঁসে ওঠা জোয়ারের চাপে নৌকাটি ক্ষতি হতে পারে। তাই আমরা এপ্রিল মাসের মধ্যেই কুয়াকাটার গঙ্গামতিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত জমিতে নৌকাটিকে সুরক্ষা করার প্রাথমিক কাজ শেষ করতে চাই।’ গত বছরের জুলাইয়ে কুয়াকাটা সৈকতের পূর্বদিকে ঝাউবাগানসংলগ্ন সাগরপারে বালুর মধ্যে কাঠের এই নৌকাটি পাওয়া যায়। এর ওপরের অংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। নৌকাটির দৈর্ঘ্য ৭২ ফুট ও প্রস্থ সাড়ে ২২ ফুট। এর আদল বহু পুরোনো ও গর্জন কাঠের তৈরি। দীর্ঘদিন মাটির নিচে নৌকাটি আটকে থাকলেও এর কাঠগুলো এখনো ভালো রয়েছে।