কুয়াকাটা জাতীয় উদ্যান ছোট হয়ে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনকেন্দ্র কুয়াকাটার জাতীয় উদ্যানে লাগানো ম্যানগ্রোভ জাতীয় কেওড়া, বাইন, গেওয়া, ছৈলাগাছ ব্যাপক হারে মরে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শ্বাসমূলে বালুর স্তর পরে শ্বাস-প্রক্রিয়া বন্ধ হয়ে গাছগুলো মরে যাচ্ছে।পটুয়াখালী বন বিভাগ কার্যালয় সূত্র জানায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উপকূলীয় কুয়াকাটা, খাজুরা ও গঙ্গামতী এলাকার এক হাজার ৬১৩ হেক্টর বনভূমিতে ১৯৫৫ সাল থেকে বন বিভাগ বনায়নের কাছ শুরু করে। বিভিন্ন পর্যায়ে সেখানে ৬০ লাখ লবণসহিষ্ণু কেওড়া, বাইন, গেওয়া, ছৈলাগাছ ও লবণ-অসহিষ্ণু রেইনট্রি, আকাশমণি, কড়ই, মেহগনিজাতীয় গাছ লাগানো হয়। পরে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে অর্ধেকের বেশি গাছ উজাড় হয়ে যায়। ২০১০ সালের ২৪ অক্টোবর উদ্ভিদ, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ এবং পর্যটন-সুবিধ উন্নয়নের লক্ষ্যে এই বনকে কুয়াকাটা জাতীয় উদ্যান ঘোষণা করে সরকার।উদ্যানের সাগর উপকূল ঘুরে দেখা যায়, বনের ২০ থেকে ২৫ ফুট উঁচু কেওড়া, বাইন, গেওয়া, ছৈলাগাছ লাল হয়ে মরে যাচ্ছে। হাজারো গাছ শুকনো ডালপালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় লোকজন গাছের ডালপালা জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য কেটে নিয়ে যাচ্ছে।মহিপুর বন বিভাগের অতিরিক্ত দায়িত্বরত বন কর্মকর্তা খোন্দকার ইয়াকুব আলী গাছ মরে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বনাঞ্চলে সৃজিত ৬০ লাখ গাছের মধ্যে অর্ধেকের মতো গাছ ধ্বংস হয়ে গেছে। এখন ৩০ লাখের মতো গাছ রয়েছে। লবণাক্ততা ও শ্বাসমূল বালুতে ঢেকে গাছ মরে যাচ্ছে বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, বর্তমানে প্রায় ১০ হাজার গাছ মৃত্যুঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের পরিচালক মাহবুব রব্বানী প্রথম আলোকে বলেন, লবণসহিষ্ণু গাছে অতিরিক্ত লবণ পেলে তা গাছের জন্য ক্ষতিকর। এ ছাড়া সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির প্রভাবে জোয়ারের সময় সাগরের পানির সঙ্গে বালু উঠে গাছের শ্বাসমূল ঢেকে দিচ্ছে। গাছের গোড়ায় বালু জমে শ্বসনপ্রক্রিয়া বন্ধ হয়ে গাছ মরে যাচ্ছে। বনে জলাবদ্ধতার কারণে লবণ-অসহিষ্ণু গাছ মরে যাচ্ছে বলে তিনি মনে করেন। এর কারণ ও প্যারাবনের সবুজ গাছ রক্ষায় পরীক্ষা-নিরীক্ষা চালানো প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গাছ মরে যাওয়ায় কুয়াকাটা জাতীয় উদ্যানের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এর কারণ অনুসন্ধানে বন গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো এ প্রসঙ্গে বলেন, প্রাকৃতিক দুর্যোগে কিছু গাছ ধ্বংস হয়েছে ও প্রকৃতির নিয়মে কিছু গাছ মরে যাচ্ছে। এ বিষয় নিয়ে বন বিভাগ থেকে অনুসন্ধান করে দেখা হচ্ছে। তিনি জানান, কুয়াকাটা জাতীয় উদ্যানে এ বছর থেকে ১০ হেক্টরে ঝাউগাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।