সাত সদস্যের বিশেষজ্ঞ দলের সরেজমিন পরিদর্শন
কুয়াকাটা জাতীয় উদ্যান নিয়ে পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ
পটুয়াখালীর কুয়াকাটাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে কুয়াকাটা জাতীয় উদ্যান নিয়ে পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বন বিভাগের বন্য প্রাণী কেন্দ্রের পরিচালকের নেতৃত্বে সাত সদস্যের বিশেষজ্ঞ দল কুয়াকাটায় এসে মাঠপর্যায়ে তথ্য ও উপাত্ত সংগ্রহ করেছেন।
গত বৃহস্পতিবার বিশেষজ্ঞ প্রতিনিধিদলটি কুয়াকাটায় আসে। গত সোমবার তারা ঢাকায় ফিরে গেছে। এর মধ্যে তারা পটুয়াখালীর বন বিভাগের কর্মকর্তাসহ কুয়াকাটার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে।
প্রতিনিধিদলে রয়েছেন বন্য প্রাণী কেন্দ্রের পরিচালক সুনীল কুমার কুণ্ড, কর্মকর্তা সৈয়দ মাহমুদুর রহমান, প্রাণিবিদ মো. শরিফুজ্জামান, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আল্লামা শিবলী সাদিকসহ আজিজার রহমান, সোহেল রানা, কনক রায়।
উপকূলীয় বন বিভাগের পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, কুয়াকাটাকে নতুন রূপে সাজাতে সরকার বহুমুখী পরিকল্পনা নেয়। এর আওতায় ২০১০ সালের ২৪ অক্টোবর সরকার কুয়াকাটা ইকো পার্ককে ‘কুয়াকাটা জাতীয় উদ্যান’ ঘোষণা করে। এ উদ্যান ঘিরে পরিকল্পনা প্রণয়নে প্রতিনিধিদল পাঠায় বন বিভাগ।
বৃহস্পতিবার কুয়াকাটার একটি হোটেলে প্রতিনিধিদল মতবিনিময় সভা করে। সেখানে জানানো হয়, কুয়াকাটায় জাতীয় উদ্যান কার্যালয়, পর্যবেক্ষণ টাওয়ার, বনের ভেতর হাঁটাপথ, ঝুলন্ত সেতু, বন্য প্রাণী সংরক্ষণের জন্য আবাসস্থল উন্নয়ন, হরিণের বেষ্টনী, কুমির প্রজননকেন্দ্র, পর্যটকদের বসার স্থান, গোলঘর, প্রাকৃতিক ও কৃত্রিম লেক, খাল ও লেকের ওপর সেতু, শোভাবর্ধনকারী বাগান, বিশ্রামাগার, পিকনিক স্পট, বনায়নসহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে।
মতবিনিময় শেষে কুয়াকাটা পৌরসভার মেয়র বারেক মোল্লা বলেন, বন বিভাগের এই পরিকল্পনা কুয়াকাটাকে আরও আকর্ষণীয় করে তুলবে। তবে কুয়াকাটা সৈকতের ভাঙন রোধ করা না হলে এ উন্নয়ন টেকসই হবে না। তাই এই পরিকল্পনায় ভাঙনরোধের প্রকল্পও নেওয়া উচিত।
প্রতিনিধিদলের প্রধান সুনীল কুমার কুণ্ড বলেন, বন বিভাগ প্রাকৃতিকভাবে বেষ্টনী তৈরি করে ভাঙন প্রতিরোধের প্রকল্প নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। এ জন্য তিন স্তরবিশিষ্ট উদ্ভিদ প্রজাতির বনায়নের মাধ্যমে শেল্টার বেল্ট তথা গ্রিন বেল্ট সৃজনের উদ্যোগ নেওয়া হবে।
পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অজিত কুমার রুদ্র বলেন, বিশেষজ্ঞ প্রতিনিধিদল কুয়াকাটা পরিদর্শন করেছেন। স্থানীয় ব্যক্তিদের মতামত নিয়েছেন। এই কমিটি প্রকল্প তৈরি করবে, বাজেট দেবে। এরপর অনুমোদন সাপেক্ষে প্রকল্পের কাজ শুরু হবে। ২০১৭ সালের মধ্যে এ কাজ শুরু হতে পারে।