কুয়াকাটা থেকে সুন্দরবনে নৌ-পরিবহন সেবা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রসৈকত কুয়াকাটা থেকে সুন্দরবন পর্যন্ত গ্রিনলাইন ওয়াটার ওয়েজের নৌ-পরিবহন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন নৌ-পরিবহনমন্ত্রী মো. শাজাহান খান।

কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাছুমুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, গ্রিন লাইন ওয়াটার ওয়েজের মালিক মো. আলাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে নৌ-পরিবহনমন্ত্রী মো. শাজাহান খান বলেন, কুয়াকাটাকে আন্তর্জাতিমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। সে পরিকল্পনার আওতায় কুয়াকাটায় কক্সবাজারের মতো মেরিন ড্রাইভ সড়ক তৈরি করা হবে। পর্যটকদের বিনোদনের জন্য বিশাল একটি অ্যাকুরিয়াম, পর্যবেক্ষণ টাওয়ার, গলফ গ্রাউন্ড, সিনেপ্লেক্স, লাইট হাউস নির্মাণ করা হবে। এমনকি কুয়াকাটায় বঙ্গবন্ধুর সবচেয়ে বড় একটি ভাস্কর্য স্থাপন করা হবে। দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করার জন্য এসব স্থাপনা নির্মিত হবে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় সাগরকন্যা কুয়াকাটা থেকে বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে পর্যটকদের নিয়ে যাত্রী পরিবহন শুরু হবে। কুয়াকাটা থেকে সুন্দরবনে যেতে তিন ঘণ্টা সময় লাগবে বলে গ্রিন লাইন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। আধুনিক সুযোগ-সুবিধার এ নৌযানে তিন শ্রেণির আসন রয়েছে। এর মধ্যে ১১২টি সোফা, সাধারণ চেয়ার ২০০টি, ৪টি সিঙ্গেল কেবিন ও ১৫টি ডাবল কেবিন রয়েছে। এতে সোফা বা চেয়ারের জন্য যাত্রীপ্রতি ভাড়া দুই হাজার টাকা, সিঙ্গেল কেবিনের ভাড়া তিন হাজার এবং ডাবল কেবিনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ছয় হাজার টাকা। এ ভাড়ার মধ্যেই যাত্রীদের জন্য সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের জন্য নাশতার ব্যবস্থা রাখা হয়েছে।