কুয়াকাটা পৌরসভার নামে গাড়ি থেকে টোল আদায়
পটুয়াখালীর কুয়াকাটায় পৌরসভার নামে পর্যটকদের গাড়ি থামিয়ে টোল আদায় করা হচ্ছে। ঈদুল আজহা এবং হিন্দু সম্প্রদায়ের রাস উৎসবকে কেন্দ্র করে কয়েক দিন ধরে টোল তোলা শুরু হয়েছে। কুয়াকাটা পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ টোল আদায় চলছে। সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটার প্রবেশমুখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাইক্লোন শেল্টার কাম ডাকবাংলোটির কাছেই সব ধরনের যানবাহন আটকে দেওয়া হয়। এখানে যানবাহন থেকে টোল তোলেন সোহরাব হোসেন নামের একজন। তিনি বলেন, ‘এ টোল তোলার জন্য পৌর কর্তৃপক্ষের কাছ থেকে আবু হানিফ নামের এক ব্যক্তি ইজারা নিয়েছেন। অবৈধভাবে কোনো কিছুই করা হচ্ছে না।’ তিনি জানান, কুয়াকাটায় ঢোকা একেকটি বাস থেকে ৬০ টাকা, ট্রাক, লরি, কাভার্ড ভ্যান থেকে ১০০ টাকা, ওষুধের গাড়ি ১০০ টাকা, রিজার্ভ গাড়ি ১০০ টাকা, মাইক্রো ও ব্যক্তিগত গাড়ি ৮০ টাকা, ট্যাক্সিক্যাব ৫০ টাকা, লোকাল গাড়ি ৩০ টাকা, টমটম, টেম্পো, অটোরিকশা থেকে ২০ টাকা করে টোল আদায় করা হয়। এ ছাড়া বিভিন্ন কোম্পানির গাড়ি থেকে ১০০ টাকা করে টোল তোলার ক্ষমতা তাঁদের দেওয়া হয়েছে। এ ধরনের একটি নির্দেশিকা কুয়াকাটার প্রবেশমুখে টানিয়ে দেওয়া হয়েছে।এভাবে টোল তোলার কারণে কুয়াকাটায় আগত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কুয়াকাটা পৌরসভার বাসিন্দা ও লতাচাপলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ মুসুল্লী বলেন, পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে পৌরসভা ঘোষণার এক বছর পার হলেও এখন পর্যন্ত কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়নি। বরং পৌরকরের নামে এ ধরনের টোল আদায়কে কেন্দ্র করে হয়রানির নতুন মাত্রা যোগ হয়েছে। কুয়াকাটা ডেভেলপমেন্ট সোসাইটির (কেডিএস) নির্বাহী পরিচালক রুম্মান ইমতিয়াজ বলেন, ঈদুল আজহা ও রাস মেলাকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এ বছরও কুয়াকাটায় পর্যটকদের ঢল নামবে। পর্যটকদের অনেকেই মাইক্রো, ব্যক্তিগত গাড়ি ও বাসে করে কুয়াকাটায় আসবেন। তাঁদের কাছ থেকে যদি পৌরকরের নামে এভাবে চাঁদা আদায় করা হয়, তাহলে কোনো পর্যটক আর এখানে আসবেন না। তাই পর্যটনের স্বার্থে এখনই এ ধরনের কার্যক্রম বন্ধ করা উচিত। কুয়াকাটা পৌরসভা পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য আবদুল বারেক মোল্লা বলেন, ‘আমরা পরিচালনা পর্ষদের সদস্য হলেও পৌরসভার আইন-কানুন সম্পর্কে ভালো জানা নেই। যদি এভাবে টোল আদায়ের নিয়ম না থাকে, তাহলে বন্ধ হওয়া উচিত।’ কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘কুয়াকাটা একটি নতুন পৌরসভা। রাস্তাঘাটসহ বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে। এ জন্য তহবিল দরকার। যে কারণে পৌর পরিষদ সিদ্ধান্ত নিয়ে টোল তোলার ইজারা দিয়েছে। তবে এটা কোনো পৌরকর না।’