কুয়াকাটা বন্যানিয়ন্ত্রণ বাঁধে ফাটল, দুটি পয়েন্ট ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার খাজুরা-মাঝিবাড়ি পয়েন্টের বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম অালো
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার খাজুরা-মাঝিবাড়ি পয়েন্টের বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম অালো

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকির মুখে পড়েছে। বাঁধের মাঝিবাড়ি পয়েন্টে ফাটল দেখা দিয়েছে। মাটি সরে গিয়ে পুরো বাঁধই সংকীর্ণ হয়ে গেছে। মারাত্মক ঝুঁকিতে রয়েছে বাঁধের দুটি পয়েন্ট। ব্লক ও বালুর বস্তা ফেলেও ভাঙন আটকানো যাচ্ছে না। এ অবস্থায় যেকোনো সময় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। এ কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, কুয়াকাটার ৪৮ নম্বর বন্যানিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থান ঢেউয়ের ঝাপটায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢেউয়ের তোড়ে বাঁধের মাটি সরে গিয়ে সরু হয়ে গেছে। পুরো বাঁধের অবস্থাই এ রকম। তবে এর মধ্যে খাজুরা-মাঝিবাড়ি ও মিরাবাড়ি পয়েন্ট মারাত্মক হুমকিতে রয়েছে। ইতিমধ্যে মাঝিবাড়ি পয়েন্টের পশ্চিম পাশের বিশাল অংশ সাগরের ঢেউয়ের ঝাপটায় ভেঙে গেছে। ওই পয়েন্টে বাঁধের ওপরের অংশে বিরাট ফাটলের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পুরো বাঁধে আরও কয়েক শ ব্যাগ বালুর বস্তা ফেলার পরিকল্পনা রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে সাগরে পানির চাপ বেশি হলে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ খাজুরা-মাঝিবাড়ি ও মিরাবাড়ি পয়েন্ট ভেঙে কুয়াকাটা পৌরসভা, পশ্চিম কুয়াকাটা, খাজুরা ও শরীফপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী জানান, ঘূর্ণিঝড় সিডরের সময় জলোচ্ছ্বাসে বাঁধের খাজুরা-মাঝিবাড়ি ও মিরাবাড়ি—এই দুটি পয়েন্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পরে ওই এলাকায় সিসি ব্লক ফেলা হয়। ঘূর্ণিঝড় আইলার সময়ও জোয়ারে বাঁধের ওই পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। তখন জরুরি ভিত্তিতে মেরামত করে বাঁধ রক্ষা করা হয়। এরপরও বাঁধের ওই পয়েন্টে কয়েক দফা মেরামত করা হয়েছে। তারপরও বাঁধে নতুন করে ভাঙন শুরু হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ঘূর্ণিঝড় সিডরের পর বাঁধের খাজুরা-মাঝিবাড়ি ও মিরাবাড়ি পয়েন্ট দুটিতে ভাঙন রোধে দুই ফুট দৈর্ঘ্যের ও দেড় ফুট প্রস্থের সিসি ব্লক ফেলা হয়। ২০০৮-০৯ অর্থবছরে ঢাকার পদ্মা অ্যাসোসিয়েটস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এ কাজ সম্পন্ন করে।
এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, ভাঙন রোধে ওই দুটি পয়েন্টে সিসি ব্লক ফেলা হয়েছে ঠিকই, কিন্তু সেগুলো ছিল নিম্নমানের।
কলাপাড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের প্রথম আলোকে বলেন, যেহেতু ব্লক ব্যবহার করে বাঁধ রক্ষার চেষ্টা কাজে লাগেনি, তাই নতুন নকশা করে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এবার একটি কাঠামোর মধ্যে বালুর বস্তা আর মাটি ঢুকিয়ে তার চারপাশে জিও টেক্সটাইল ব্যবহার করা হবে। এই কাঠামোগুলো বাঁধের দুই পাশে আটকে দিয়ে তার মধ্যে মাটি ফেলে বাঁধ তৈরি করা হবে। এতে ব্লকের চেয়ে তুলনামূলকভাবে খরচ কম হবে এবং বাঁধের স্থায়িত্ব অনেক বেশি হবে। তিনি আরও বলেন, ‘কুয়াকাটা সমুদ্রসৈকত রক্ষা প্রকল্প’ নামে নতুন একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ই প্রকল্পের আওতায় কুয়াকাটার ক্ষতিগ্রস্ত পুরো পাঁচ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ নতুন এই ধারণার মাধ্যমে মেরামত করা হবে।