কুয়াকাটা সৈকত এলাকার স্থাপনা সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াকাটা সমুদ্রসৈকতের নির্ধারিত এলাকার ব্যক্তিগত স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কুয়াকাটাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে মাস্টারপ্ল্যান করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।গত বছরের জুনে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী সমুদ্রসৈকত রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে একটি রিট করেন। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২ জুন আদালত রুল জারি করেন। একই সঙ্গে সমুদ্রসৈকত এলাকার সীমানা নির্ধারণ করতে নির্দেশ দেওয়া হয়। রিট আবেদনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ওই নির্দেশনা অনুসারে গত বছরের অক্টোবরে জেলা প্রশাসন সৈকতের সীমানা নির্ধারণ করে। এতে কুয়াকাটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে সমুদ্রের পানি পর্যন্ত সৈকত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। তবে স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসন থেকে নোটিশ দেওয়া হলে চার ব্যক্তি হাইকোর্টে আবেদন করে বিবাদী হিসেবে পক্ষভুক্ত হন। এসব বিষয়ে শুনানি শেষে গতকাল রায় দেওয়া হয়। রায়ে ওই চার ব্যক্তির নিম্ন আদালতে করা দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। আদালতে চারজনের পক্ষে আইনজীবী এম আমীর-উল ইসলাম ও রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। পরে মনজিল মোরসেদ জানান, আদালত সৈকতের নির্ধারিত এলাকাকে সংরক্ষণ ও ওই এলাকাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন।