কুয়াকাটা সৈকতে তৃতীয় দফায় উচ্ছেদ অভিযান
পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বেড়িবাঁধের বাইরে সমুদ্রসৈকতে গত মঙ্গলবার তৃতীয় দফায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। পটুয়াখালীর রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানে ১৫টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।উচ্ছেদ অভিযানের সময় অন্যদের মধ্যে পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল আউয়াল উপস্থিত ছিলেন। এর আগে প্রথম দফায় গত ৯ অক্টোবর ও দ্বিতীয় দফায় ১৩ অক্টোবর কুয়াকাটায় উচ্ছেদ অভিযান চালিয়ে ২০৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।এর আগে উচ্চ আদালতের নির্দেশে কুয়াকাটা সৈকত এলাকার সীমানা চিহ্নিতকরণের কাজ শেষ করে ২২৬ জন অবৈধ দখলদারের বিরুদ্ধে উচ্ছেদের উদ্যোগ নেয় পটুয়াখালী জেলা প্রশাসন। এরই মধ্যে জেলা প্রশাসন ওই অবৈধ দখলদারদের দেওয়া উচ্ছেদের নোটিশে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে স্থাপনা সরিয়ে নিতে বলে।এ ব্যাপারে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহ আলম সরদার জানান, কুয়াকাটা সৈকত এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চলছে। অধিকাংশ অবৈধ দখলাদারকে উচ্ছেদ করা হয়েছে।