কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়
দূর আকাশে মিলিয়ে যাচ্ছে লাল সূর্য। হাওয়া বইছে জোর। না ঠান্ডা, না গরম। গতকাল শুক্রবার সন্ধ্যার আগে আগে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে হাজারো পর্যটকের ভিড়।
প্রকৃতির এমন সৌন্দর্য দেখে পথের ভোগান্তির কথা ভুলে যান পর্যটকেরা। আর বিপুলসংখ্যক পর্যটক পেয়ে হোটেল-মোটেলের মালিক ও কর্মচারীদেরও আনন্দ ধরে না। গত দুই বছরের ব্যবসার ক্ষতি পুষিয়ে উঠবেন বলে আশা করছেন অনেকে।
যশোরের অভয়নগর থেকে আসা পর্যটক হান্নান মিয়া প্রথম আলোকে বলেন, ‘এই নিয়ে পাঁচবার কুয়াকাটায় এলাম। এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। তাই বারবার এখানে ছুটে আসি।’
যশোর সদরের জয়ন্ত বিশ্বাস বলেন, ‘স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য নিয়ে কুয়াকাটায় এসেছি। পথে যানজটের কবলে পড়ে ভোগান্তি হয়েছে। কিন্তু সাগরের হাওয়ার পরশ লেগে সব ভুলে গেছি।’
পর্যটক ও এই শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরের পর দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকবাহী বাস, মিনিবাস ও মাইক্রোবাস কুয়াকাটার দিকে আসতে থাকে। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া-নীলগঞ্জ এবং হাজীপুর-পুরান মহিপুর পয়েন্টের ফেরিঘাটে পর্যটকবাহী এসব বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি কয়েক ঘণ্টা আটকে ছিল। ওই দুটি এলাকায় ফেরি চলাচলে ছিল ধীরগতি। খবর পেয়ে কলাপাড়া উপজেলা প্রশাসন এ সড়কের শেখ কামাল ও শেখ জামাল সেতু খুলে দিলে পর্যটকদের ভোগান্তি লাঘব হয়।
পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, কুয়াকাটামুখী মানুষজনের ভোগান্তির কথা চিন্তা করে নবনির্মিত সেতু দুটি কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয়।
খুলনা থেকে আসা পর্যটক মো. ইব্রাহীম খলীল বলেন, ২৩০ জন সদস্য নিয়ে পাঁচটি বাসে করে কুয়াকাটার উদ্দেশে রওনা হয়ে কলাপাড়া ফেরিঘাটে গতকাল সকাল আটটায় এসে আটকা পড়েন। বেলা ১১টা পর্যন্ত ওই জায়গায় আটকে ছিলেন। আগে থেকে সেতু দুটি চালু করা হলে এমন ভোগান্তি আর থাকত না।
কুয়াকাটা ঘুরে দেখা গেছে, জিরো পয়েন্ট, ইকোপার্ক, লেম্বুর চর, শুঁটকিপল্লি, মিস্ত্রিপাড়া, গঙ্গামতী সৈকত, রাখাইন মহিলা মার্কেটসহ দর্শনীয় সব স্থানে পর্যটকদের উপচে পড়া ভিড়।
কুয়াকাটা পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাইনুল ইসলাম বলেন, সাধারণত প্রতিবছর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পর্যটক আসে এখানে। এর মধ্যে ডিসেম্বর থেকে জানুয়ারিতে পর্যটক অনেক বেশি হয়। গত দুই বছর রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটক ছিল না। এবার সমানে পর্যটক আসছে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, তিনি ৩৬ কক্ষের একটি আবাসিক হোটেলের মালিক। তাঁর হোটেলের কোনো কক্ষই খালি নেই। তিনি আরও বলেন, কুয়াকাটায় ৫০টি হোটেল-মোটেল আছে। সবগুলোই পর্যটকে ঠাসা।
স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী আবুল হোসেন বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর পর্যটকের আগমন অনেক বেড়েছে। এর ফলে আমরা গত বছরের ক্ষতি কাটিয়ে উঠতে পারব।’