কুয়াকাটা সৈকতে ভেসে আসছে জেলিফিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের বিস্তীর্ণ এলাকায় এক সপ্তাহ ধরে ঝাঁকে ঝাঁকে জেলিফিশ ভেসে আসছে। সেখানে মত্স্যজীবীদের জালেও আটকা পড়ছে এসব জলজ প্রাণী। গত কয়েক দিনে সৈকতজুড়ে জীবিত-মৃত অনেক জেলিফিশ পড়ে থাকতে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক বিভাগের অধ্যাপক মোস্তফা আলী রেজা হোসেন প্রথম আলোকে বলেন, সমুদ্রের পানিতে দূষণ ও খাদ্যাভাবের কারণে এভাবে ঝাঁকে ঝাঁকে জেলিফিশ সৈকতে ভেসে আসতে পারে। এদের অভিযোজনক্ষমতা হ্রাস পেয়েও এটা ঘটতে পারে। গত কয়েক দিনের শৈত্যপ্রবাহও আরেকটি কারণ হতে পারে। তবে এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা হওয়া দরকার।গতকাল শুক্রবার কুয়াকাটা সৈকতে গিয়ে দেখা যায়, সামুদ্রিক ঢেউয়ের সঙ্গে ঝাঁকে ঝাঁকে জেলিফিশ ভেসে এসে সৈকতের বালিয়াড়িতে আটকা পড়েছে। আটকা পড়ার এক থেকে দেড় ঘণ্টার মধ্যে মারা যাচ্ছে এদের বেশির ভাগই। এসব জলজ প্রাণীর উপরিভাগ কিছুটা মেটে রঙের, তার ওপর হালকা কালো ছাপ। দেহের অন্য অংশগুলো হলদেটে। শরীর তুলতুলে, মসৃণ, স্পর্শকাতর। কুয়াকাটা জেলে সমিতির সভাপতি জনি আলমগীর বলেন, ‘স্থানীয়ভাবে এসব জলজ প্রাণীকে নোনা মাছ বলা হয়। শৈশবে মাঝেমধ্যে এই মাছের কিছু কিছু গভীর সাগরে জেলেদের জালে ধরা পড়তে দেখেছি। কিন্তু কখনো এত বেশি পরিমাণে নোনা মাছ জালে উঠতে দেখিনি। এভাবে কখনো সমুদ্রের কিনারেও আসতে দেখিনি।’ গত কয়েক দিনে বিপুল পরিমাণ জেলিফিশ জালে আটকা পড়ায় জেলেরা বাধ্য হয়ে জাল কেটে তা সাগরে ভাসিয়ে দেন। কুয়াকাটা জেলেপল্লির বাসিন্দা নুরুজ্জামান বলেন, ‘তিন-চাইর দিন ধইর্যা বেন্দি জাল সাগরে হালাইতে পারি না। নোনা মাছ ওডে। নোনা মাছের ভারে দুই দিন জাল কাইট্টা দিছি। এত মাছ কোমনে দিয়া আইছে, কইতে পারি না।’ জেলে দুলাল বলেন, ‘পঁচিশ বছর ধইর্যা এই সাগরপাড়ে বেন্দি জাল বাই, কিন্তু কোনো সময় বেন্দি জালে নোনা মাছ বাজে নায়।’ জেলে সোবাহান মাঝি জানান, গতকাল সকালে কুয়াকাটা সৈকত থেকে তিন কিলোমিটার দূরে মাছ ধরার জন্য তাঁরা জাল ফেললে প্রচুর জেলিফিশ আটকা পড়ে।এসব জলজ প্রাণীর স্পর্শের অনুভূতি কেমন—জানতে চাইলে জেলে বেল্লাল ও হারুন বলেন, ‘হাত-পায়ে নোনা মাছ লাগলে খুজলি ওঠে, খালি চুলকায়। চোখে লাগলে জ্বলায়।’এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রাণিবিজ্ঞানী এ কে এম আমিনুল হক প্রথম আলোকে বলেন, জেলিফিশ অত্যন্ত স্পর্শকাতর সামুদ্রিক প্রাণী। এরা গভীর সমুদ্রে বসবাসে অভ্যস্ত। তবে শীত মৌসুমে কিছু কিছু জেলিফিশ কিনারে আসতে পারে। কিন্তু একসঙ্গে ঝাঁকে ঝাঁকে কিনারে চলে আসার বিষয়টি অস্বাভাবিক।