কুয়াকাটা সৈকতে যুবক নিখোঁজ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই যুবকের নাম মো. সোহাগ হোসেন (৩০)। তিনি কুয়াকাটার একটি নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি করেন।
কুয়াকাটা পর্যটন পুলিশ জানায়, দুপুরে সোহাগ হোসেন তাঁর দুই সহকর্মী সোহাগ মিয়া ও মো. মোহসিনের সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। তাঁরা প্রায় আধা ঘণ্টা ধরে সাঁতার কাটেন। একপর্যায়ে সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে তাঁরা ডুবে যান। খবর পেয়ে তৎক্ষণাৎ পর্যটন পুলিশের সদস্যরা জেলেদের সহায়তায় সাগর থেকে সোহাগ মিয়া ও মো. মোহসিনকে উদ্ধার করেন। পরে তাঁদের কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সোহাগ হোসেনের কোনো হদিস পাওয়া যায়নি।
কুয়াকাটা পর্যটন পুলিশের উপপরিদর্শক মো. খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, নিখোঁজ সোহাগের বাড়ি ঢাকার আশুলিয়ায় জামগড় এলাকায়। স্থানীয় জেলেদের নৌকা ও ট্রলারের সাহায্যে তাঁকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। সোহাগকে উদ্ধার করতে কোস্টগার্ডের একটি দলসহ বরিশালের ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।