কুয়াকাটা সৈকতে রাস উৎসব ৮ নভেম্বর শুরু
৮ নভেম্বর থেকে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় তিন দিনব্যাপী রাস উৎসব শুরু হচ্ছে। মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ওই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগর সৈকত কুয়াকাটায় হিন্দু নর-নারীরা পুণ্যস্নানের পর বিভিন্ন আচার-অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিবছরের মতো এবারও উৎসবকে ঘিরে কুয়াকাটায় সাজ সাজ রব পড়েছে। এবারও রাস উৎসবে ব্যাপক লোক সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা। ইতিমধ্যেই দেশি-বিদেশি পর্যটকসহ পুণ্যার্থী ও ভ্রমণপিপাসুরা জড়ো হতে শুরু করেছেন কুয়াকাটায়। কলাপাড়া উপজেলা সদর থেকে ২২ কিলোমিটার দক্ষিণে কুয়াকাটার ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকত। রাস পূর্ণিমা উপলক্ষে উৎসবে যোগ দিতে দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীদের দল আসতে শুরু করেছে কুয়াকাটায়। দেশি-বিদেশি পর্যটকেরাও আসছেন কুয়াকাটায় রাস উৎসব উপভোগের জন্য।রাস উদ্যাপন কমিটির সভাপতি বিপুল হাওলদার জানান, ৮ নভেম্বর কুয়াকাটা রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রম মন্দিরে রাধাকৃষ্ণের যুগল প্রতিমা স্থাপন এবং পূজা সম্পন্ন হবে। পরদিন ৯ নভেম্বর রাতভর রাসলীলার মূল অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত নৃত্যরস উপভোগ করবেন। এ ছাড়া সৈকতে টিভি ও বেতার শিল্পীদের অংশগ্রহণে ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরদিন ১০ নভেম্বর ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা ছুটবেন পুণ্যস্নানে। রাস উৎসব উপলক্ষে কুয়াকাটার সৈকতে তিন দিনব্যাপী রাস মেলায় ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভাসহ থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মতলেব শরীফ জানান, কুয়াকাটার রাস উৎসব এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। পুণ্যার্থী ও পর্যটকদের স্বাগত জানাতে প্রতিবছরের মতো এবারও তাঁরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।