কুয়াকাটা সৈকতের পরিবেশ বিপন্ন
কুয়াকাটা সমুদ্রসৈকতের পরিবেশ দিন দিন দূষিত হয়ে পড়ছে। সৈকতের বালুচরের বিভিন্ন স্থানে পড়ে থাকা মৃত গবাদিপশুর দুর্গন্ধ, সাগর থেকে ধরা মাছের কাটা বর্জ্য, ছোট দোকানিদের নিত্যদিনের ময়লা-আবর্জনা সৈকতে যত্রতত্র ফেলার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে সৈকত সৌন্দর্যও হারাচ্ছে।সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য কুয়াকাটায় ছুটে আসে দেশি-বিদেশি পর্যটকেরা। অথচ এই সৈকত সুরক্ষায় কারও তেমন নজর নেই বললেই চলে। গত রোববার সরেজমিনে দেখা গেছে, সৈকতের পূর্ব দিকে ইকোপার্ক এবং গঙ্গামতী সংরক্ষিত বনসংলগ্ন বিভিন্ন স্থানে মৃত গবাদিপশু, কুকুর ও সাগর থেকে ভেসে আসা ডলফিনের মৃতদেহ পড়ে আছে। এগুলোর দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সৈকতে অবস্থান করা যায় না। স্থানীয় বাসিন্দা ও আগত পর্যটকদের স্বাভাবিক চলাচল এতে ব্যাহত হচ্ছে। এসব প্রাণীর মৃতদেহগুলো কুকুর-কাক টেনেহিঁচড়ে খাচ্ছে। এ ছাড়া সৈকতে যাওয়ার প্রধান সড়কটির দুই পাশের এবং সৈকতের ছোট দোকানিদের প্রতিদিনের ময়লা-আবর্জনা সৈকতের পরিবেশকে ভারী করে তুলেছে। সৈকত ঘুরে দেখা গেছে, নারকেলের ছোবড়া, ডাবের খোসা, সিগারেট, বিস্কুট, চানাচুরের প্যাকেট যেখানে-সেখানে ফেলা হয়েছে। সমুদ্র থেকে ধরে আনা মাছ জেলেরা কাটছে সৈকতে বসেই। কাটা মাছের বর্জ্য ফেলা হচ্ছে যত্রতত্র। এতেও দূষিত হচ্ছে সৈকতের পরিবেশ। কুয়াকাটায় বেড়াতে আসা কয়েকজন পর্যটক সৈকতের এমন দশা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তানিয়া আহমেদ বলেন, ‘কুয়াকাটার কথা বহু শুনেছি। এসে বিস্মিত। একটা পর্যটনকেন্দ্রের পরিবেশ এত নোংরা হতে পারে জানতাম না।’ গাজীপুরের টঙ্গী পৌরসভার কাউন্সিলর রাখি সরকার বলেন, ‘প্রথমবার কুয়াকাটায় বেড়াতে এলাম। সৈকতের বালুকাবেলায় নেমে থমকে গেছি। কোথাও তো যাওয়া যাচ্ছে না। চারদিকে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ।’ রাজশাহীর আরিফ আহমেদ খান বলেন, ‘পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য সৈকত থাকবে পরিপাটি, পরিছন্ন। অথচ দেখলাম উল্টো চিত্র। এখানে এসে শুনলাম, কুয়াকাটাকে পৌরসভায় রূপান্তর করা হয়েছে। তাহলে পৌর কর্তৃপক্ষও বা কী করছে?’পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান প্রথম আলোকে বলেন, ‘এভাবে গবাদিপশু বা বিভিন্ন প্রাণীর মৃতদেহ পড়ে থাকা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এগুলো শেয়াল-কুকুরে খেয়ে জলাধারের পানি খেলে সেই পানিও দূষিত হবে। এককথায় বলা যায়, এ কারণে বাতাস-পানি-মাটি দূষিত হয়ে রোগ-জীবাণু ছড়াতে পারে।’জানা গেছে, কুয়াকাটা সৈকত রক্ষণাবেক্ষণে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটি নামে একটি কমিটি রয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় থেকে ১৩ সদস্যের এ কমিটি ২০০৯ সালে গঠন করা হয়। কমিটির অন্যতম সদস্য এ এম মিজানুর রহমান বলেন, ‘সত্যি কথা বলতে কি, কমিটি আছে নামেমাত্র। এর কার্যক্রম পরিচালনা করতে ন্যূনতম যে বরাদ্দ থাকা দরকার, তা নেই। এ কারণে সৈকত রক্ষণাবেক্ষণও হচ্ছে না। এতে করে সুন্দর একটি পর্যটনকেন্দ্র দিন দিন শ্রীহীন হয়ে পড়ছে।’কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘আমাকে কেউ বিষয়টি জানায়নি। সৈকতে পর্যটকসহ জনসাধারণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্য আমি এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’