কুয়াকাটা সৈকতের স্থাপনা সরাতে হাইকোর্টের নির্দেশ
কুয়াকাটা সমুদ্রসৈকতের তীরে থাকা সব স্থায়ী ও অস্থায়ী স্থাপনা অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই নির্দেশনা বাস্তবায়নে অগ্রগতি প্রতিবেদন সাত দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। পটুয়াখালীর পুলিশ সুপার ও কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশসহ রুল জারি করেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী রিট আবেদনটি করেন। তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। আদালত বিশেষ কমিটির মাধ্যমে সমুদ্রসৈকত এলাকার সীমানা নির্ধারণ করতে পটুয়াখালীর জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সেখানে যেন নতুন করে দখল ও স্থাপনা নির্মিত না হয়, সে জন্য প্রহরার ব্যবস্থা নিশ্চিত করতে পটুয়াখালীর পুলিশ সুপার ও কলাপাড়ার ওসিকে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া দখল থেকে সৈকত এলাকা রক্ষা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।